হোয়াটসঅ্যাপকে সুপ্রিম কোর্টের নিদান তথ্যের নিরাপত্তা না দিতে পারলে দেশ ছাড়ুন
নতুন পয়গাম, নয়াদিল্লি: দেশের নাগরিকদের তথ্যের গোপনীয়তা নিয়ে ছেলেখেলা বরদাস্ত করা হবে না। মঙ্গলবার মেটা এবং হোয়াটসঅ্যাপকে চরম হুঁশিয়ারি দিয়ে বলল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ অত্যন্ত কড়া ভাষায় মার্কিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোম্পানিকে তিরস্কার করে বলেছে, ‘আপনারা ভারতীয় নাগরিকদের তথ্যের গোপনীয়তা নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না। আমরা আমাদের তথ্যের একটা ডিজিটাল অংশও আপনাদের শেয়ার করতে দেব না।’
এদিন শুনানির সময় প্রধান বিচারপতি স্পষ্ট জানান, ভারতীয়দের তথ্য ফাঁস করা সুপ্রিম কোর্ট মেনে নেবে না। সরকার পক্ষের সলিসিটর জেনারেল তুষার মেহতা হোয়াটসঅ্যাপের ২০২১ সালের গোপনীয়তা নীতিকে শোষণমূলক বলে চিহ্নিত করেন। প্রধান বিচারপতি মেটা-র উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যদি আমাদের দেশের সংবিধান মেনে চলতে না পারেন, তবে ভারত ছেড়ে চলে যান। নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার সঙ্গে আমরা কোন আপস করব না।’
শীর্ষ আদালত এদিন মেটা-র আইনজীবীদের প্রশ্ন করেন, তাদের এই জটিল গোপনীয়তা নীতি কি ভারতের কোটি কোটি সাধারণ বা স্বল্পশিক্ষিত মানুষ বুঝতে সক্ষম? প্রধান বিচারপতি এই নীতিকে ‘ব্যক্তিগত তথ্য চুরির একটি পথ’ হিসেবে বর্ণনা করেছেন। ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, ‘হোয়াটসঅ্যাপে ডাক্তারকে কোন অসুস্থতার কথা লিখে মেসেজ পাঠালে বা ডাক্তার কোন ওষুধের নাম লিখলে, মুহুর্তের মধ্যে সেই সংক্রান্ত বিজ্ঞাপন স্ক্রিনে ভেসে ওঠে।’ যদিও হোয়াটসঅ্যাপের পক্ষে আইনজীবী মুকুল রোহতগি এবং অখিল সিবাল দাবি করেন, মেসেজগুলো ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’, অর্থাৎ কোম্পানি নিজেও তা পড়তে পারে না।
হোয়াটসঅ্যাপ তার নতুন গোপনীয়তা নীতি নিয়ে আসে, যেখানে অন্য মেটা প্ল্যাটফর্মের সঙ্গে তথ্য শেয়ার করার বিষয়টি বাধ্যতামূলক করার চেষ্টা করা হয়।
কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া হোয়াটসঅ্যাপের ওপর ২১৩ কোটি টাকা জরিমানা আরোপ করে। সিসিআই-এর মতে, নিজেদের আধিপত্য খাটিয়ে ব্যবহারকারীদের ওপর এই নীতি চাপিয়ে দিচ্ছে সংস্থাটি। মেটা এই জরিমানার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানায়। ট্রাইব্যুনাল জরিমানা বহাল রাখলেও তথ্য শেয়ারিংয়ের ওপর থাকা পাঁচ বছরের স্থগিতাদেশ তুলে দেয়।
সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ব্যবহারকারীর কোনো তথ্য মেটা-র অন্য কোনো প্ল্যাটফর্মে প্রকাশ্যে আনতে পারবে না হোয়াট্সঅ্যাপ। তথ্যের গোপনীয়তা নিশ্চিত করার বিষয়ে হোয়াট্সঅ্যাপ ও মেটা কর্তৃপক্ষকে বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।








