মাদ্রাসার প্রথম ক্রীড়া প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স পড়ুয়াদের
নতুন পয়গাম, মোহাম্মদ সানাউল্লা, নলহাটি: শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও যে দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান পিছিয়ে নেই। তা আবারও প্রমাণ করল বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের ভগলদিঘী জামেয়া জিয়াউল ওলুম আস সালাফিয়া মাদ্রাসা। সম্প্রতি দু দিন ব্যাপী সাড়ম্বরে অনুষ্ঠিত হলো মাদ্রাসার প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকাল থেকেই মাঠ জুড়ে ছিল উৎসবের আমেজ।খেলোয়াড়দের আনন্দ আর দর্শকদের করতালিতে মুখরিত হয়ে মাদ্রাসা প্রাঙ্গণ।উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন, দৌড় সহ ভলিবল। একের পর এক ইভেন্টে অংশ নিয়ে নিজেদের শক্তি, গতি ও দক্ষতার পরিচয় দেয় পড়ুয়ারা। প্রতিটি বিভাগেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই।রুদ্ধশ্বাস মুহূর্ত আর জয়ের উল্লাস।কখনও দ্রুতগতির দৌড়ে বাজিমাত, কখনও লাফে আকাশ ছোঁয়ার চেষ্টা।প্রতিটি খেলায় ফুটে ওঠে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবল।
খেলাধুলার ময়দানে যেন তৈরি হয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের প্রথম মঞ্চ।প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের মুখে ছিল সাফল্যের হাসি। চোখে ছিল আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন।এ ব্যাপারে মাদ্রাসার প্রধান শিক্ষক ওবাইদুল্লা নূরী বলেন,শরীর চর্চা ছাড়া প্রকৃত শিক্ষা অসম্পূর্ণ। সুস্থ দেহেই গড়ে ওঠে সুস্থ মন। খেলাধুলা শিক্ষার্থীদের মনোযোগ, শৃঙ্খলা ওআত্মবিশ্বাস বাড়ায়।এই ক্রীড়া প্রতিযোগিতা শুধু একটি খেলাধুলার অনুষ্ঠান নয়। বরং শিক্ষার্থীদের সার্বিক বিকাশের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক উন্নয়নে ভগলদিঘী মাদ্রাসার এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মতে এই ধরনের আয়োজন ভগলদিঘী মাদ্রাসার শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার পথে এক বড় পদক্ষেপ। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে নতুন দিশা দেখাবে বলে মনে করছেন অভিভাবক থেকে শুরু করে এলাকাবাসী।








