আমতার খড়দহে দুই স্বাধীনতা সংগ্রামীর মূর্তি স্থাপন
সেখ মইদুল আলি, নতুন পয়গাম, আমতা:
হাওড়া জেলার আমতা থানার খড়দহ গ্রামের দুই বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সুফল চন্দ্র মান্না ও গোবিন্দচন্দ্র বল্লভের আবক্ষ মূর্তি স্থাপিত হল তাঁদের জন্মভূমিতেই। বিজয়া দশমীর দিন, ২ অক্টোবর সকাল ১০টায়—গান্ধীজীর জন্মদিনে—মূর্তিদুটির আবরণ উন্মোচনের মধ্য দিয়ে এই উদ্যোগ বাস্তবায়িত হয়।
সুফলবাবু ছিলেন চারণ কবি মুকুন্দ দাসের অনুকারী, স্বদেশী গান ও যাত্রাপালার মাধ্যমে তিনি হাওড়া, হুগলি, অবিভক্ত মেদিনীপুরসহ বিভিন্ন জেলায় দেশাত্মবোধ জাগিয়ে তুলতেন। দুজনেই গান্ধীজীর আইন অমান্য আন্দোলনে সক্রিয় অংশ নেন এবং ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাবাস করেন। জেলের ভেতরে নৃশংস নির্যাতনের শিকার হন তাঁরা; সুফলবাবুর পিঠে সেই দাগ মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়। তাঁদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার পরবর্তীতে দুজনকেই তাম্রপদক প্রদান করে এবং স্বাধীনতা সংগ্রামী ভাতা প্রদান করে।
এই দুই বিস্মৃতপ্রায় স্বাধীনতা সংগ্রামীর মূর্তি স্থাপনের উদ্যোগ নেয় ‘স্বাধীনতা সংগ্রামী সুফল চন্দ্র মান্না ও গোবিন্দ বল্লভ স্মৃতি রক্ষা কমিটি’। কমিটির যুগ্ম সম্পাদক দুই শিক্ষক প্রদীপ রঞ্জন রীত ও সায়ন দে জানান, এলাকার মানুষ এবং বিশেষ করে নবীন প্রজন্মের কাছে তাঁদের সংগ্রামের ইতিহাস তুলে ধরাই এই প্রচেষ্টার মূল লক্ষ্য।
খড়দহ যুবক সংঘের সামনে পথচলতি মানুষের নজরে সহজেই পড়বে এমন জায়গায় মূর্তি দুটির প্রতিস্থাপন করা হয়েছে। আবরণ উন্মোচন করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সুচন্দন পোড়েল ও বিশিষ্ট সমাজসেবী অশোক মাজী। একইসঙ্গে প্রকাশিত হয় এই দুই স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে লেখা একটি পুস্তিকা।
স্থানীয় মানুষের মতে, এই উদ্যোগ শুধু বিস্মৃত নায়কদের স্মরণ নয়, বরং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক মূল্যবান পদক্ষেপ।








