রাজ্যগুলোর মুখ ঢেকে যাচ্ছে ঋণে
একদশকে তিন গুণ দেনা বেড়ে ৬০ লক্ষ কোটি
নতুন পয়গাম, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর: দিনে দিনে বাড়ছে ঋণের বোঝা, যার ভার বহন করা দুরূহ হয়ে পড়ছে রাজ্যগুলোর পক্ষে। পরিসংখ্যান বলছে, গত এক দশকে রাজ্যগুলোর ঘাড়ে ঋণের বোঝা বড়েছে তিন গুণেরও বেশি। দেশের মোট ২৮টি রাজ্যের ঋণের পরিমাণ ৫৯.৬০ লক্ষ কোটি টাকা। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ-এর রিপোর্টে এমন পাহাড়প্রমাণ ঋণের বোঝার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। গত শুক্রবার সব রাজ্যের অর্থ সচিবদের নিয়ে কেন্দ্র-রাজ্য সম্মেলনে চোখ কপালে তোলা এই তথ্য জানান ক্যাগ-প্রধান সঞ্জয় মূর্তি।
তাঁর দেওয়া ওই রিপোর্ট অনুসারে, ২০১৩-১৪ অর্থবর্ষে রাজ্যগুলির মোট ঋণ বা দেনার পরিমাণ ছিল ১৭.৫৭ লক্ষ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তা ৩.৩ গুণ বেড়ে হয়েছে ৫৯.৬০ লক্ষ কোটি টাকা। রাজ্যগুলির মোট অভ্যন্তরীণ উৎপাদন জিএসডিপি-র নিরিখে এই হার বেড়ে হয়েছে ২৩ শতাংশ। ২০১৩-১৪ অর্থবর্ষে তা ছিল ১৬.৬৬ শতাংশ।
ক্যাগের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের জিডিপি-র নিরিখে ঋণের বোঝা সবথেকে বেশি পাঞ্জাবে, ৪০.৩৫ শতাংশ। আর সবথেকে কম ঋণে আছে ওড়িশা সরকার, ৮.৪৫ শতাংশ। সামগ্রিকভাবে আটটি রাজ্যের ঋণের বোঝার হার জিএসডিপি-র ৩০ শতাংশেরও বেশি। আর ছ’টা রাজ্যের ক্ষেত্রে তা ২০ শতাংশেরও কম। বাকি রাজ্যগুলির ক্ষেত্রে এই হার ২০ থেকে ৩০ শতাংশের মধ্যে। রাজ্যগুলোর সম্মিলিত ঋণের হার ২০২৩ অর্থবর্ষে দেশের জিডিপি-র ২২.১৭ শতাংশ। সব মিলিয়ে বলা যায়, ঋণের জালে জড়িয়ে নাস্তানাবুদ অবস্থা রাজ্যগুলোর। তার ওপর নতুন জিএসটি হার চালু হওয়ায় রাজ্যগুলোর রাজস্ব অনেকটা কমবে বলে আশঙ্কা মুখ্যমন্ত্রীদের।








