একার কাঁধে অজিদের টানলেন স্টার্ক, ইংলিশদের হয়ে পাল্টা দিলেন স্টোকস্
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম:
হ্যাজলউড নেই,কামিংস নেই তথাপিও ইংলিশদের গুঁড়িয়ে দিলেন একা স্টার্ক।নিলেন সাত সাতখানা উইকেট।
তবে স্বস্তিতে নেই স্বাগতিকরাও,তাঁরাও ধুকছে ১২৩ রানে ৯ উইকেট হারিয়ে।বেন স্টোকসের ঝুলিতে গেল চার উইকেট।সব মিলিয়ে প্রথম দিনেই পড়ল ১৯ উইকেট,যা অ্যাসেজের ইতিহাসের বিরল রেকর্ড। ১৮৮৮ সালে সিডনিতে এবং ১৮৯৬ সালে লর্ডসে অ্যাসেজের প্রথম দিনে পড়েছিল ১৮ উইকেট। কিন্তু ১৯ উইকেট এই প্রথম।
তবে শুক্রবার পারথে নাটকীয়তায় ভরা দিনে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে ইংল্যান্ড। আপাতত ৪৯ রানে এগিয়ে আছে তারা। টস জিতে ব্যাটিং নিয়ে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়েছিল ১৭২ রানে। মিচেল স্টার্কের ৫৮ রানে ৭ উইকেটই ভাঙন ধরায় সফরকারী দলে। অভিষেককারী ব্রেন্ডন ডোগেট (২-২৭) ও ক্যামেরন গ্রিন (১-১০) বাকি উইকেট ভাগ করে নেন। জো রুট (০), ক্যাপ্টেন বেন স্টোকস (৬) দুই অঙ্কের রানেও পৌঁছননি। হ্যারি ব্রুক করেন ৫২। এদিন দু’দলের মধ্যে একমাত্র তিনিই পঞ্চাশ পেরিয়েছেন।
পারথ স্টেডিয়ামে ৫১হাজার ক্রিকেটপ্রেমীর সামনে দিনের প্রথম ওভারেই উইকেট নেন স্টার্ক। ৩৫ বছর বয়সি বাঁ-হাতি পেসারের দাপটে লাঞ্চের পর মাত্র ৬৭ রানে ৬ উইকেট হারায় ইংল্যান্ড। তারমধ্যে শেষ ৫ উইকেট পড়ে মাত্র ১২ রানে! এত তাড়াতাড়ি দাঁড়ি পড়ে ইংল্যান্ডের ইনিংসে যে পিঠের সমস্যায় মাঠের বাইরে যাওয়া অজি ওপেনার উসমান খাওয়াজা শুরুতে ব্যাট হাতে নামতে পারেননি। তিনি চার নম্বরে নামতে বাধ্য হন। ব্যাটিং অর্ডার তালগোল পাকিয়ে যাওয়া প্রভাব ফেলে অস্ট্রেলিয়ার ইনিংসে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে তারা। দিনের শেষে ৯ উইকেটে অস্ট্রেলিায়র সংগ্রহ ১২৩। স্টোকসের বিধ্বংসী বোলিংই (৫-২৩) ধস নামায়। জোফরা আর্চার (২-১১), ব্রাইডন কার্স (২-৪৫) ছিলেন সঙ্গতে। অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথ (১৭), মার্নাস লাবুশানে (৯), অভিষেককারী ওপেনার জেক ওয়েদারাল্ড (০) ব্যর্থ।
ম্যাচের যা গতিপ্রকৃতি তাতে এই টেস্ট তিনদিনের বেশি গেলে অবাক হতে হবে।








