এবার গ্রুপ সি-ডি’র তালিকা প্রকাশ করছে এসএসসি নতুন পরীক্ষা দিতে পারবেন না সাড়ে ৩ হাজার ‘অযোগ্য’
নতুন পয়গাম, কলকাতা:
যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। আগামী মাসেই গ্রুপ-সি এবং গ্রুপ-ডি বিভাগের কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। শূন্যপদ ৮,৪৭৭। আগামী ৩ নভেম্বর আবেদন নেওয়া শুরু হবে। তার আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো ‘অযোগ্য’ শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সাড়ে ৩ হাজার জনের নাম সেই তালিকায় থাকতে পারে বলে অনুমান।
এদিকে দেশের শীর্ষ আদালতে জমা পড়া তথ্য বলছে, ২৪৮৩ জন প্রার্থীকে গ্রুপ-সি এবং ৪৫৫০ জনকে গ্রুপ-ডি পদে নিয়োগপত্র দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এর মধ্যে গ্রুপ-সি-তে ৪১৬ জন এবং গ্রুপ-ডি-তে ৬৬৯ জনের নাম সুপারিশ করেনি এসএসসি। তাঁদের নাম ‘অযোগ্য’ তালিকায় থাকবে। ওএমআর শিটের সঙ্গে নম্বরের হেরফের থাকা সত্ত্বেও গ্রুপ ‘সি’তে চাকরি পেয়েছিলেন ৭৮৩ জন। গ্রুপ-ডি’তে এই সংখ্যাটা ১,৭৪১ জন। র্যাঙ্ক জাম্প করে প্যানেলে আনা হয় মোট ৩৬৯ জনকে। এর মধ্যে গ্রুপ-সি ১৩২ এবং গ্রুপ-ডি ২৩৭ জন। প্যানেলে না থাকলেও নিয়োগ দেওয়া হয়েছিল ১১২০ জনকে। যার মধ্যে গ্রুপ-সি ২৪৯ এবং গ্রুপ-ডি ৩৭১ জন। অর্থাৎ নিয়োগপ্রাপ্ত মোট সংখ্যা ৪০৯৮ জন। তবে, একই ব্যক্তি একাধিক অবৈধ উপায়ে চাকরি পাওয়ায় সংখ্যাটা ৩৫০০-র আশপাশে থাকবে বলেই অনুমান করা হচ্ছে। আর এসএসসি-র চূড়ান্ত স্ক্রুটনির পর এই সংখ্যায় কিছু হেরফের হতে পারে।
সুপ্রিম কোর্টের নির্দেশে ১১ হাজারের কিছু বেশি যোগ্য শিক্ষক চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন। কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেই ছাড় দেওয়া হয়নি। সরকার অযোগ্য শিক্ষক এবং সমস্ত শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার উদ্যোগ নিলেও মামলার কারণে তা আটকে যায়। ইতিমধ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা গত মাসে দুটো রবিবার হয়ে গিয়েছে। শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা হতে পারে জানুয়ারিতে।








