আম্বেদকরের প্রয়াণ দিবসে প্রতিভা নগরে বিশেষ কর্মশালা
এম এম ইসলাম, নতুন পয়গাম, বিষ্ণুপুর:
ড. বি. আর. আম্বেদকরের ৭০তম প্রয়াণ দিবস উপলক্ষে ৭ ডিসেম্বর, রবিবার বিষ্ণুপুর থানার প্রতিভা নগরের রোটারি রবীন্দ্র বিদ্যাপীঠে অনুষ্ঠিত হল এক বিশেষ কর্মশালা। প্রতিভা নগর আম্বেদকর মিশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় জেলার নানা প্রান্ত থেকে আসা প্রায় ৭০ জন প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠানের সূচনায় মিশনের সম্পাদক প্রণব কুমার লস্কর জানান, বহুজন সমাজের সচেতনতা ও সংগঠিত শক্তিকে এগিয়ে নিয়েই আম্বেদকর মিশনের কার্যক্রম পরিচালিত হয়। তাঁর কথায়, “বাবা সাহেবের সমতা ও ন্যায়ের দর্শনকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
শিক্ষারত্ন নুরনবী জমাদার বলেন, ভারতের বৃহত্তর জনগোষ্ঠীর জন্য যে গণতান্ত্রিক শাস্ত্র ড. আম্বেদকর রচনা করেছিলেন, স্বাধীনতার এত বছর পরও দেশ তার আদর্শ থেকে অনেকটাই সরে এসেছে।
ইতিহাসবিশারদ আজিজুল হক বক্তব্যে ড. আম্বেদকরের অবদানকে স্মরণ করে বলেন, “তাঁকে স্মরণ মানে শুধু শ্রদ্ধা জানানো নয়—তাঁর দেখানো পথে চলার প্রতিশ্রুতি নিয়ে সমাজে বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে দাঁড়ানো।”
কর্মশালার শেষে প্রতিনিধিদের অঙ্গীকার—বাবা সাহেবের সমতা, ন্যায় ও মানবিকতার পথেই গড়ে উঠবে আগামী দিনের সমাজ।








