ইসরায়েলি সেনাবাহিনী কিংবা হামাস নয় গাজার দায়িত্ব নেবে বিশেষ বাহিনী: ফ্রান্স
নতুন পয়গাম,
প্যারিস, ২২ সেপ্টেম্বর: যুদ্ধবিধস্ত গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনী কিংবা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নয়, বিতর্কিত উপত্যকার দায়িত্ব নেবে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী। এমনই মন্তব্য করল ফ্রান্স। যুদ্ধ শেষে এই বিশেষ শান্তিরক্ষী বাহিনী গাজা অঞ্চলের দায়িত্ব নেবে। একই সঙ্গে গাজার প্রভাবশালী সশস্ত্র হামাসকে নিরস্ত্র করার কাজও চলবে। ‘টাইমস অব ইসরাইল’ এক খসড়া প্রস্তাবকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে।
সেই খসড়ায় বলা হয়েছে, এই বিশেষ শান্তিরক্ষী বাহিনীকে রাষ্ট্রসংঘের অধীনে দায়িত্ব দেওয়া হবে। স্থায়ী যুদ্ধবিরতির পর তারা গাজায় দায়িত্ব নেবে। তারপর ধাপে ধাপে গাজার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) হাতে তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবে মিসর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারকে এই যৌথ বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য প্রাধান্য দেওয়া হয়েছে।
জুলাই মাসে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রণীত ‘নিউইয়র্ক ঘোষণা’য় এই খসড়া প্রস্তাবের রূপরেখা চূড়ান্ত করা হয়। কাতার ও মিসর-সহ আরব দেশগুলো এই ঘোষণাকে সমর্থন জানায়। চলতি মাসে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তা প্রস্তাব আকারে গৃহীতও হয়।








