ইসরাইলের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ স্পেনের
নতুন পয়গাম, মাদ্রিদ, ৮ সেপ্টেম্বর:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যা বন্ধ করতে ৯ দফা কড়া পদক্ষেপের কথা ঘোষণা করলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সোমবার তিনি বলেন, ‘ইসরাইল একটি প্রতিরক্ষাহীন জনগোষ্ঠীকে গণহারে হত্যা করে জাতিগত নির্মূল অভিযান চালিয়ে যাচ্ছে। তারই প্রতিবাদে স্পেন ২০২৩ সালের নভেম্বর থেকে ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধ করে দিয়েছে। তবে এখন জরুরি ভিত্তিতে স্থায়ী নিষেধাজ্ঞা আইন প্রণয়ন করা হবে।
ইসরাইলি বাহিনীর কাছে জ্বালানি পরিবহনকারী জাহাজগুলোকে স্প্যানিশ বন্দরে এবং প্রতিরক্ষা সামগ্রী বহনকারী বিমানগুলোকে স্পেনীয় আকাশসীমা থেকে নিষিদ্ধ করা হবে। সানচেজ আরও বলেন, গাজায় গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের স্পেনে প্রবেশ নিষিদ্ধ করা হবে। যদিও এসব পদক্ষেপ গাজায় যুদ্ধ ও গণহত্যা বন্ধ করার জন্য যথেষ্ট নয়, তবে নেতানিয়াহুর ইসরাইল সরকারের ওপর চাপ প্রয়োগ করবে এবং ফিলিস্তিনি জনগণের দুর্দশা কিছুটা হলেও লাঘব করবে। স্পেন একা যুদ্ধ থামাতে পারবে না; তবে এর অর্থ এই নয় যে, আমরা চেষ্টা করব না।
অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে, অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা, অধিকৃত অঞ্চলে বসবাসরত স্প্যানিশদের জন্য কনস্যুলার পরিষেবা সীমিত করা এবং অতিরিক্ত সৈন্য নিয়ে রাফাহ সীমান্তে স্পেনের উপস্থিতি বৃদ্ধি করা। সেই সঙ্গে খাদ্য ও ওষুধ সরবরাহের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে নতুন যৌথ প্রকল্প গ্রহণ করবে স্পেন।
উল্লেখ্য, স্পেন রাষ্ট্রসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-তে ১০ মিলিয়ন ইউরো বা ১১.৭ মিলিয়ন ডলার বৃদ্ধি করবে এবং ২০২৬ সালে গাজার জন্য অতিরিক্ত ১৫০ মিলিয়ন ইউরো সহায়তা দেবে বলেও জানান তিনি।








