ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা।
স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা শুধু দুই দলের মধ্যে সীমাবদ্ধ ছিল না।বরং নজর ছিল ভারতীয়দেরও।আর সেখানে হতাশ করলেন না মিলার,মার্করামরা।ওয়েস্ট ইন্ডিজকে খড়কুটোর মতো উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা। গতকাল সুপার এইটে ক্যারিবিয়ানদের ৯ উইকেটে দাপটে হারাল প্রোটিয়ারা। এই জয়ের সুবাদে আইডেন মার্করাম ব্রিগেডের সেমি-ফাইনালে ওঠাও নিশ্চিত। পাশাপাশি, এতে ভারতেরও সুবিধা হল। নেট রান-রেট নিয়ে অঙ্ক কষার আর প্রয়োজন নেই। ওয়েস্ট ইন্ডিজকে সুপার এইটের শেষ ম্যাচে হারালেই শেষ চারের ছাড়পত্র পাবে টিম ইন্ডিয়া।
মোতেরায় এদিন ঝড়ের গতিতে শুরু করেছিল শাই হোপের দল। দু’ওভারে ২৯ তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তারপরই নামে ধ্বস। পরপর পড়তে থাকে উইকেট। ১০.২ ওভারের মধ্যে ৮৩ রানে সাত উইকেট পড়ে যায়। লুঙ্গি এনগিডি (৩-৩০), কাগিসো রাবাডা (২-২২), করবিন বশদের (২-৩১) দাপটে ক্যারিবিয়ানরা তখন ধুঁকছে। চাপের মুখে অষ্টম উইকেটে অবিশ্বাস্য লড়াই চালান জেসন হোল্ডার এবং রোমারিও শেফার্ড। তাঁদের জুটিতে ৫৭ বলে ওঠে ৮৯। হোল্ডারের ব্যাটে আসে ৪৯ রান। তাঁর ৩১ বলের ইনিংসে রয়েছে ৪টি চার ও ৩টি ছক্কা। ৩৭ বলে ৫২ করেন শেফার্ড। ৪টি ছক্কা ও ৩টি চার মারেন তিনি। আট উইকেটে ১৭৬ তোলে ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে ১৬.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার আট ওভারে ৯৫ তুলে ফেলেন। ২৪ বলে কুইন্টন ডি’কক করেন ৪৭। মারেন ৪টি চার ও ৪টি ছক্কা। ক্যাপ্টেন মার্করামকে অবশ্য থামানো যায়নি। ৪৬ বলে ৮২ রানে অপরাজিত থাকেন তিনি। তাতে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা। তিনে নামা রায়ান রিকেলটন ২৮ বলে অপরাজিত থাকেন ৪৫ রানে। তাঁর ইনিংসে রয়েছে ৪টি চার ও ২টি ছক্কা। ২৩ বল বাকি থাকতে আসে জয়। ম্যাচের সেরা মার্করাম বলেন, ‘আমরা খুব ভালো বল করেছি, বিশেষ করে পাওয়ার প্লে’তে। এই জয়ের জন্য তাই বোলারদেরই প্রশংসা প্রাপ্য। পিচ ক্রমশ ব্যাটিংয়ের পক্ষে সহজ হয়ে যায়। তাই আমাদের সুবিধা হয়েছে।’
সুবিধা হয়েছে ভারতেরও।এখন সহজ সমীকরণ সূর্যদের সামনে।ওয়েস্ট ইন্ডিজকে হারাও,সেমিফাইনালে যাও।








