শীতে বাড়িতে সাপের উপদ্রব, আতঙ্কে ধূপগুড়ি শহরবাসী
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি:
শীত পড়তেই বাড়িতে সাপের উপদ্রব। গরমের উষ্ণতা খুঁজতে কখনো শোবার ঘরে আবার কখনো রান্নাঘরে প্রবেশ করছে সাপ। এই অবস্থায় ধূপগুড়ি শহরের মানুষ আতঙ্কে ভুগছেন।
ধূপগুড়ি শহরের ১১ নম্বর ওয়ার্ডের সিনেমা হল পাড়ায় এদিন সন্ধ্যায় গোখরো সাপ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির গেটের পাশে ঝোপের আড়ালে শান্ত জায়গায় কুন্ডলী পাকিয়ে রয়েছে বিশাল আকারের সাপটি। আতঙ্কিত পরিবার তখন ঘরে-ঘরে দৌড়ঝাঁপ শুরু করে।
পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির গেটের পাশে থেকে ফোঁসফোঁস শব্দ আসছিল। কাছে গিয়ে দেখা যায় প্রায় চার ফুট লম্বা গোখরো সাপ কুন্ডলী পাকিয়ে আছে। মুহূর্তেই বাড়ি জুড়ে শুরু হয় হুলুস্থুল।
পরিস্থিতি মোকাবিলায় খবর দেওয়া হয় ধূপগুড়ি ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার অর্গানাইজেশন-এর সদস্যদের। খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।
সংগঠনের এক সদস্য জানান, শীতের মৌসুমে উষ্ণতার জন্য সাপটি কুন্ডলী পাকিয়ে বসেছিল। প্রায় ৪ ফুট লম্বা এই গোখরো সাপটি উদ্ধার করে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
বাড়ির গৃহবধূ সুমিত্রা কর বলেন, “বাড়ির গেটের সামনে ফোঁসফোঁস শব্দ করছিল। কাছে গিয়ে দেখি সাপটি কুন্ডলী পাকিয়ে বসেছে। তখনই আমরা ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার অর্গানাইজেশনকে খবর দিই। তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর আমরা আতঙ্ক মুক্ত হই।”
দীর্ঘক্ষণ চেষ্টার পর সাপটি উদ্ধার করা সম্ভব হয়। সাপটির উদ্ধারকাজ শেষ হতেই পরিবারের সদস্যরা নিরাপদ বোধ করেন।








