অনলাইন বাণিজ্যের প্রসারে ক্ষুদ্র ব্যবসা চাপে: মত বড়জোড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ
নতুন পয়গাম, সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: প্রায় চার দশক আগে বড়জোড়া এলাকার কয়েকজন ব্যবসায়ীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বড়জোড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। সংগঠনের বার্ষিক সম্মেলন ও রক্তদান শিবির সম্প্রতি বড়জোড়ার একটি লজে অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং প্রতিষ্ঠাতা সদস্যদের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে রক্তদান কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। সংগঠনের সম্পাদক তুষার মুখার্জি জানান, প্রতিষ্ঠার সময়ের তুলনায় বড়জোড়ার ভৌগোলিক ও আর্থসামাজিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। শিল্পাঞ্চল হিসেবে এলাকাটির বিকাশ, কয়লাখনি-নির্ভর অর্থনীতি এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ফলে অন্যান্য রাজ্য থেকেও বহু মানুষ এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। তবে আধুনিক জীবনযাত্রার অংশ হিসেবে অনলাইন কেনাকাটার প্রবণতা বাড়ায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা সমস্যার মুখে পড়ছেন বলে তিনি দাবি করেন।
তাঁর মতে, কাঁচা সবজি থেকে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য— বিভিন্ন ক্ষেত্রেই অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ায় ছোট দোকান ও খুচরো ব্যবসার উপর চাপ তৈরি হচ্ছে। দীর্ঘমেয়াদে এই প্রবণতা অব্যাহত থাকলে বহু ছোট ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সাধারণ ক্রেতাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, অনলাইন কেনাকাটার পাশাপাশি স্থানীয় দোকান থেকেও কেনাকাটা করে তাদের সমর্থন জানানোর জন্য। ক্ষুদ্র ব্যবসার এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবিও জানানো হয়। সম্মেলনে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি ব্লকের বিভিন্ন এলাকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পখন্না ব্যবসায়ী সমিতি-র প্রতিনিধি দলে ছিলেন বিপ্রদাস নায়েক, দেবাশীষ মন্ডল, বিবেকানন্দ মুখার্জি ও অতনু ঘোষ। তাঁদের সংগঠনের পক্ষ থেকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়।








