এসআইআর: আজ দিল্লিতে কমিশনের বৈঠক ভোটমুখী ৫ রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার ঘোষণা হবে?
নতুন পয়গাম, নয়াদিল্লি:
কাল সোমবার দিল্লিতে এসআইআর নিয়ে বৈঠকে বসবে জাতীয় নির্বাচন কমিশনার। পশ্চিমবঙ্গ এবং অন্যান্য যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, সেসব রাজ্যের এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করতে পারে।
নভেম্বরেই এরাজ্যে এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হবে বলে ইঙ্গিত আগেই মিলেছিল। কিন্তু আজ সোমবারই কি এব্যাপারে সেই দিনক্ষণ ঘোষণা হবে? সে দিকেই এখন পাখির চোখ সবার। এদিকে নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সোমবার বিকেল ৪.১৫ মিনিটে দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করবেন কমিশনের কর্তারা। অনুমান করা হচ্ছে, আজকের বৈঠকেই ঘোষণা হতে পারে বাংলা-সহ একাধিক রাজ্যে এসআইআরের সবকিছু।

কদিন আগেই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছিল, আগামী ১ নভেম্বর থেকেই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার শুরু হবে। ২০২৬ সালে বাংলা-সহ আরও পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। পাশাপাশি আরও গোটা দশেক রাজ্যে চালু হতে পারে এই কাজ। আগামী সপ্তাহের শুরুতেই সেই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে অনুমান করা হয়েছিল। কিন্তু রবিবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানায়, সোমবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক হবে। তাই জল্পনা যে, আজই হয়ত এসআইআ-এর দিনক্ষণ ও বিস্তারিত ঘোষণা হবে।

যদি আজ সোমবার বাংলা, অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি-সহ ১০ রাজ্যে এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়, তারপর সর্বদলীয় বৈঠক ডাকার কথাও জানায় কমিশন। বিভিন্ন রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিকরা রাজ্যস্তরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং জেলাস্তরে এই ধরনের বৈঠক করবে জেলা প্রশাসন বা জেলাশাসকরা। এরপর জেলা ও রাজ্য স্তরে বৈঠকের রিপোর্ট সমন্বয় করে পাঠাতে হবে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। বিজেপি এসআইআর-এর পক্ষে রাজ্য ও জাতীয় স্তরে বিজেপি শুরু থেকেই খুব উৎসাহী হলেও বিরোধীরা বরাবরই এর তীব্র বিরোধিতা করে চলেছে। কমিশনকে বিজেপির বি-টিম বলেছে কংগ্রেস-সহ বিরোধীদের ইন্ডিয়া জোট। বিহারের মতো আর কোনো রাজ্যে যেন লাখ লাখ ভোটারের নাম বাদ না দেওয়া হয়, এর গ্যারান্টি চায় বিরোধীরা। একজনও বৈধ নাগরিক যেন বঞ্চিত না হয়। বিরোধীদের অভিযোগ এসআইআর হল ঘুরপথে ভোট চুরির ষড়যন্ত্র। এতে বিজেপির সঙ্গে কমিশনের গোপন যোগসাজশ রয়েছে।








