এস আই আর আতঙ্কে উলুবেড়িয়ায় মৃতের পরিবারের পাশে সাংসদ সাজদা আহমেদ
অতসী মন্ডল, নতুন পয়গাম, উলুবেড়িয়া:
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ৪ঠা নভেম্বর থেকে শুরু হয়েছে এস আই আর (Special Intensive Revision) প্রক্রিয়ার ইনুমেরেশন ফর্ম বিলির কাজ। পশ্চিমবঙ্গসহ দেশের ১২টি রাজ্যে একযোগে ভোটার তালিকা সংশোধনের এই উদ্যোগ শুরু হয়েছে।
কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই সীমান্তবর্তী এলাকাগুলিতে দেখা দিয়েছে অশান্তি ও উত্তেজনা। অভিযোগ, নানা বিভ্রান্তি ও প্রশাসনিক চাপের কারণে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ।
এই আবহে মঙ্গলবার উলুবেড়িয়া-২ ব্লকের খলিশানী মালপাড়ায় ঘটে যায় মর্মান্তিক ঘটনা। অভিযোগ, এসআইআর আতঙ্কেই আত্মহত্যার পথ বেছে নেন স্থানীয় বাসিন্দা বছর ত্রিশের জাহির মাল।
বুধবার ঘটনাস্থলে যান উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ। তিনি মৃত জাহির মালের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ও সান্ত্বনা জানান। সাংসদ জানান, “এই ঘটনায় পরিবারটির পাশে আমরা আছি। বিষয়টি প্রশাসনিকভাবে খতিয়ে দেখা হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় এসআইআর নিয়ে এখনও জনমনে বিভ্রান্তি রয়েছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচন কমিশনের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, যাতে আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।








