এসআইআর-বিভ্রান্তি দূর করুক কমিশন: বিমান দশ বাম দলের বিক্ষোভ-সভায় বামফ্রন্ট চেয়ারম্যান
নতুন পয়গাম, কলকাতা:
এসআইআর নিয়ে বুধবার সিপিএম-সহ দশটি বামপন্থী দলের ডাকে কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের বাইরে এক প্রতিবাদ বিক্ষোভ সভা হয়। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে বামপন্থী দলগুলোর এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ডেপুটেশনও জমা দেন। দীর্ঘক্ষণ বৈঠক করেন তারা। প্রতিনিধি দলে ছিলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, আরএসপি-র রাজ্য সম্পাদক তপন হোড়, সিপিআই রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জী, সিপিআই (এমএল) লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার, এসইউসিআই রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য প্রমুখ।
![]()
প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনের দপ্তরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যেন, বিজেপির কাজ নির্বাচন কমিশনের পক্ষে কথা বলা। আর তৃণমূলের কাজ নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলা। নির্বাচন কমিশন নিজে বিভিন্ন বিষয়ে বক্তব্য স্পষ্ট করছে না বলে এই বিভ্রান্তি ও সংশয় ছড়াচ্ছে। কমিশনের পক্ষ থেকে লিখিতভাবে কোনও স্পষ্ট বক্তব্য পেশ করা হলে আর কেউ বিভ্রান্তি ছড়াতে পারবে না।”
তিনি দৃঢ়ভাবে জানান, কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে, তা সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। কমিশনের দেখা উচিত কোনও ভোটারের একাধিক জায়গায় যেন নাম না থাকে। মৃত ভোটার থেকে যায় বহু দিন। তাঁদের নাম বাদ দেওয়ার দায়িত্ব কমিশনের। এছাড়াও ১৮ বছর বয়সী ভোটারদের তালিকায় অন্তর্ভুক্তি করতে হবে। এসআইআর বর্তমানে মানুষের কাছে আতঙ্কে পরিণত হয়েছে। মানুষকে সচেতন করে পরিছন্নভাবে কাজ করতে হবে। কোনও দলীয় স্বার্থে কাজ করা যাবে না।”








