হাইকোর্টে এসআইআর মামলা আপাতত মুলতুবি
নতুন পয়গাম, কলকাতা:
এসআইআর নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি রাখল কলকাতা হাইকোর্ট। কারণ, একই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই মামলার শুনানি চলছে। শীর্ষ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী, একই ইস্যুতে দেশের বিভিন্ন হাইকোর্টকে সতর্ক থাকতে বলা হয়েছে। তাই কলকাতা হাইকোর্ট আপাতত সুপ্রিম কোর্টের পরবর্তী রায় না আসা পর্যন্ত এই মামলা গ্রহণ করবে না।
মামলাকারী পিন্টু কারার এর অভিযোগ, ২০০২ সালকে কেন এসআইআরের ভিত্তিবর্ষ ধরা হল, তার ব্যাখ্যা নির্বাচন কমিশন দেয়নি। পাশাপাশি, এসআইআরের সময়সীমা বাড়ানোরও দাবি জানান তিনি। এর আগে হাইকোর্ট নির্বাচন কমিশনকে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলেছিল।
অন্যদিকে, সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত (বর্তমানে প্রধান বিচারপতি), বিচারপতি জয়মাল্য বাগচী এবং এসভিএন ভাট্টির বেঞ্চে এসআইআর সংক্রান্ত একাধিক মামলা চলছে। কেরল ও উত্তরপ্রদেশ থেকেও মামলা হয়েছে। কেরল সরকারের পক্ষে আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন, পুরসভা ও পঞ্চায়েত ভোটের মতো গুরুত্বপূর্ণ সময়ে একসঙ্গে এসআইআর চালানো অত্যন্ত কঠিন। উল্লেখ্য, কেরলে এক বিএলও-র আত্মহত্যার পর রাজ্যে এসআইআর নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠন এসআইআর বয়কটের ডাক দেয়। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে।








