এসআইআর: ভোটারদের হয়রানি রুখতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি
নতুন পয়গাম, কলকাতা: অবশেষে এসআইআর প্রক্রিয়ার গলদ নিয়ে সরব হল বঙ্গ বিজেপির নেতারা। এতদিন বিরোধীরা অভিযোগ করছিল যে, লক্ষ লক্ষ মানুষকে এসআইআর এর নামে এত হেনস্থা, হয়রানি করা হলেও, এত মানুষের প্রাণহানি হলেও বিজেপি কেন চুপ আছে? পরিস্থিতি বেগতিক দেখে এবার তারই জবাব দিতে এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করতে দেখা গেল রাজ্য বিজেপি নেতাদের। কয়েক লক্ষ বৈধ ভোটারকে নামের সামান্য মিসম্যাচ বা ত্রুটি দেখিয়ে হয়রানি করা হচ্ছে, এই অভিযোগ তুলে রাজ্যপালের কাছে একগুচ্ছ দাবিপত্র জমা দিলেন বঙ্গ বিজেপির নেতারা। মধ্যমণি ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা শাসকদের সঙ্গে তৃণমূল কংগ্রেস ও আই-প্যাকের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন শুভেন্দু। রাজ্যপালকে লেখা চিঠিতে দাবি করা হয়, রাজ্য সরকারের অধীন নিযুক্ত একাংশের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও), এইআরও এবং বুথ লেভেল অফিসার (বিএলও) নির্বাচন কমিশনের নির্দেশিকা না মেনে ইচ্ছাকৃত বানান বা তথ্যগত ভুল দেখিয়ে ভোটারদের শুনানিতে ডেকে পাঠাচ্ছেন। ফলে পুরো এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠছে।
চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের অনুরোধ সত্ত্বেও রাজ্যে পর্যাপ্ত ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়নি, যা প্রক্রিয়া সময়মতো সম্পন্ন করতে বাধা সৃষ্টি করছে। পাশাপাশি, বেশ কয়েকটি জেলায় শুনানির কাজে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ। বসিরহাটের ইআরও ও এইআরও- এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে দোষীদের বিরুদ্ধে এফআইআর করার দাবি জানানো হয়েছে।
এছাড়া শুনানিকেন্দ্রে তৃণমূলের নেতা-কর্মীদের উপস্থিতি, মাইক ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য এবং অভিযোগকারীদের ভয় দেখানোর মতো ঘটনাও উল্লেখ করা হয়েছে। এমনকি ফর্ম-৭ জমা দেওয়া কিছু অভিযোগকারীর বিরুদ্ধে শুনানির আগেই ফৌজদারি মামলা দায়েরের অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলা নির্বাচন আধিকারিক, ইআরও, এইআরও ও বিএলও-দের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছে রাজ্য বিজেপি। রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলো একে বিলম্বে বোধোদয় বলে অভিহিত করেছে।








