কারমাইকেল হোস্টেলে আক্রান্ত বাঙালি ছাত্রদের পাশে এসআইও
কারমাইকেল হোস্টেলে আক্রান্ত বাঙালি ছাত্রদের পাশে এসআইও
নতুন পয়গাম, ২২ আগস্ট: শিয়ালদহে বাঙালি ছাত্রদের উপর নির্মম হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে ছাত্রসমাজের মধ্যে। আহতদের পাশে দাঁড়াতে এবং ঘটনাস্থলের ছাত্রদের সাথে কথা বলতে শুক্রবার রাতে কারমাইকেল হোস্টেলে পৌঁছান স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অব ইন্ডিয়া(এসআইও) পশ্চিমবঙ্গের একটি প্রতিনিধি দল।
রাজ্য সভাপতি সেখ ইমরান হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি হোস্টেলের ছাত্রদের সঙ্গে সাক্ষাৎ করে এবং সবিস্তার আলোচনা চলে। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য জনসংযোগ সম্পাদক সফিকুল ইসলাম মন্ডলসহ মেট্রো সিটির সদস্যবৃন্দ।
প্রতিনিধি দল ছাত্রদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। এসআইও-র রাজ্য সভাপতি বলেন ” বাংলাভাষী সংখ্যালঘু ছাত্রদের বাংলাদেশী বলে আক্রমণ কেবলমাত্র নিন্দনীয় নয়, বরং এ ধরনের ঘটনা গণতান্ত্রিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশকে কলুষিত করে।” সফিকুল ইসলাম মন্ডল জানান, এসআইও সব সময় ছাত্রদের নিরাপত্তা ও অধিকার রক্ষার জন্য পাশে থাকবে। এই ধরনের সাম্প্রদায়িক ও বিভাজন সৃষ্টিকারী অপচেষ্টা বরদাস্ত করা হবে না। ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিও জানায় এসআইও।








