ওবিসি নীতির পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে এসআইও-র শিক্ষা আন্দোলনের ডাক
নতুন পয়গাম, কলকাতা, ৫ নভেম্বর ২০২৫:
রাজ্যে ওবিসি সংরক্ষণ নীতির পুনর্বহাল, সমন্বিত শিক্ষাঙ্গন ও কর্মসংস্থানের নিশ্চিতকরণসহ একাধিক দাবি তুলে রাজ্যজুড়ে শিক্ষা আন্দোলনের ডাক দিল স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও), পশ্চিমবঙ্গ শাখা। আজ কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্ব জানায়, ৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই আন্দোলন পরিচালিত হবে।
সংগঠনের দাবি, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সামাজিক বৈষম্য এখনও প্রবল। আদিবাসী, দলিত ও সংখ্যালঘু ছাত্র-যুব সমাজ নানা বঞ্চনার মুখে পড়ছে। সম্প্রতি ওবিসি সংরক্ষণ নীতি বাতিল হওয়ায় পিছিয়ে পড়া শ্রেণির শিক্ষার সুযোগ আরও সংকুচিত হয়েছে বলে অভিযোগ।
ঘোষণা অনুযায়ী, আন্দোলন চলাকালীন বিভিন্ন জেলায় স্মারকলিপি প্রদান, পথসভা, মানববন্ধন, পোস্টার ও দেওয়াল লিখনসহ প্রচার কর্মসূচি নেওয়া হবে। ১৯ নভেম্বর দুপুর ১টায় কলেজ স্কোয়ার থেকে বিধানসভা অভিযান হবে এই কর্মসূচির চূড়ান্ত পর্ব।
এসআইও-র ১৫ দফা দাবির মধ্যে আছে— ওবিসি সংরক্ষণ পুনর্বহাল, ঘোষিত বিশ্ববিদ্যালয়গুলোর পরিকাঠামো উন্নয়ন, কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালু, আলিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়মিত অনুদান ও হোস্টেল নির্মাণ, প্রাথমিক বিদ্যালয় পুনরুজ্জীবন, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করা, মাদ্রাসায় নিয়োগ নিশ্চিত করা, স্কিল-বেসড কোর্স চালু, মেডিক্যাল কলেজে পিজি কোর্স বৃদ্ধি ও মাওলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ ফিরিয়ে আনা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসআইও-র রাজ্য সভাপতি সেখ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াকিল, সংগঠন সম্পাদক আমিরুল ইসলাম, শিক্ষাঙ্গন সম্পাদক আলি নওয়াজ মন্ডল ও মিডিয়া সম্পাদক সফিকুল ইসলাম মন্ডল। সংগঠনের আহ্বান, “শিক্ষা, সংরক্ষণ ও কর্মসংস্থানের ন্যায্যতার প্রশ্নে সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।”








