রেশম শিল্পে নবজাগরণের লক্ষ্যে উদ্যোগী রাজ্য সরকার
মালদায় প্রতিনিধি দলের পরিদর্শন ও উচ্চপর্যায়ের বৈঠক
নতুন পয়গাম, মালদা:
রাজ্যের ঐতিহ্যবাহী রেশম শিল্পকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই উদ্দেশ্যে সোমবার রাজ্যের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (MSME) দপ্তর ও রেশম বিভাগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মালদা জেলায় সফর করে।
প্রথমে প্রতিনিধি দল পরিদর্শন করে পিয়াজবাড়ি সেন্ট্রাল নার্সারি, যেখানে তারা রেশম চাষের প্রক্রিয়া, কাঁচামালের উৎপাদন ও চারা তৈরির কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। জেলার এই গুরুত্বপূর্ণ শিল্পকে কীভাবে আরও উন্নত করা যায়, তার ওপর বিস্তারিত আলোচনাও হয়।
এরপর জেলা শাসকের দপ্তরে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে জেলার মাল্টি ও রিলার, রেশম ব্যবসায়ী, সিল্ক পার্কের উদ্যোক্তা এবং সিল্ক প্রোডিউসার ইউনিয়নের প্রতিনিধিরা যোগ দেন। বৈঠকে শিল্পের বর্তমান অবস্থা, সমস্যাবলী এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বিস্তৃত মতবিনিময় হয়। উপস্থিত শিল্পীদের আশা, সরকারের এই উদ্যোগে জেলার রেশম শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং স্থানীয় অর্থনীতিতে গতি আসবে।
এদিন মালদা সিল্ক ইয়ার্ন প্রোডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি ও মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। রেশম চাষিদের আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সিল্ক পার্কে অবকাঠামো উন্নয়ন এবং বাজার সম্প্রসারণের মতো বিষয়গুলিও আলোচনায় উঠে আসে।
জেলার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের স্বার্থে এই প্রস্তাবগুলি জেলা মন্ত্রী সাবিনা ইয়াসমিন গ্রহণ করে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেন। স্থানীয় উদ্যোক্তা ও চাষিদের বিশ্বাস, এই পদক্ষেপ মালদার রেশম শিল্পকে আবারও পুরনো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে দেবে।








