শাটডাউন: ছুটিতে ১৪০০ মার্কিন পরমাণু কর্মী
নতুন পয়গাম, নিউ ইয়র্ক:
শাটডাউন বা আর্থিক অচলাবস্থার কারণে মার্কিন পারমাণবিক সংস্থার ১৪০০ কর্মীকে ছুটিতে পাঠাতে বাধ্য হল ট্রাম্প প্রশাসন। অন্তর্বর্তী বাজেট পাস না হওয়ায় শাটডাউন দীর্ঘায়িত হচ্ছে। বহু সরকারি দফতরের অসংখ্য কর্মী-অফিসারকে বেতনবিহীন ছুটিতে পাঠানো হয়েছে। আবার জরুরি পরিষেবার সঙ্গে বিভিন্ন মন্ত্রকের কর্মীদের বাধ্যতামূলক ডিউটি করতে হচ্ছে। এই অবস্থায় পারমাণবিক কর্মীদের বড় অংশকে অবৈতনিক ছুটিতে পাঠানো শুরু হয়েছে। কারণ, শাটডাউন শেষ করতে আবারও বাজেট পাসে ব্যর্থ হল ট্রাম্প প্রসাশন।
বিদ্যুৎ বিভাগের জনৈক অধিকর্তা জানান, জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসনের ১৪০০ কর্মীকে মঙ্গলবার থেকে অবৈতনিক ছুটিতে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে। তবে, গুরুত্বপূর্ণ জননিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় ৪০০ জন কর্মী। ডেমোক্র্যাট সাংসদদের বিরোধিতায় শুরু হওয়া শাটডাউন ইতিমধ্যেই চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে।

বৈশ্বিক নিরাপত্তা সম্পর্কিত অলাভজনক সংস্থা ‘বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস’-এর তথ্যানুসারে, আমেরিকার কাছে মোট ৫,১৭৭টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর মধ্যে প্রায় ১,৭৭০টি মোতায়েন করা আছে। জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসন ৬০ হাজার ঠিকাদার প্রতিষ্ঠানের তদারকি করে। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র ডিজাইন, উৎপাদন, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

এদিকে সিএনএন জানিয়েছে, ছুটির প্রভাব প্রথমেই পড়বে টেক্সাসের পানটেক্স এবং টেনেসির ওয়াই-১২ ইত্যাদি জায়গায়, যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়। এই শাটডাউন ৩ সপ্তাহ পার হয়ে গেল, যা এখন পর্যন্ত দেশটিতে চলা দীর্ঘতম পূর্ণাঙ্গ সরকারি শাটডাউন। ২০১৬ সালে ট্রাম্প প্রথম বার ক্ষমতায় আসার পরেও দীর্ঘ শাটডাউন হয়েছিল।








