অস্ট্রেলিয়ায় ইহুদিদের উৎসবে গুলি, নিহত কমপক্ষে ১৩
নতুন পয়গাম, সিডনি:
অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডাই সমুদ্রসৈকতে ইহুদিদের উৎসব চলাকলে বন্দুকবাজি হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। হামলার ধরন দেখে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। কমপক্ষে ৫০ রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি করেছেন তাঁরা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, পুলিশ এবং জরুরি বিভাগ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। জীবন বাঁচানোর কাজে নিযুক্ত তাঁরা।
এখন সর্বত্র ‘হনুকা’ উৎসব পালন করছেন ইহুদিরা। আটদিন ব্যাপী এই উৎসবেই সেজে উঠেছিল বন্ডাই বিচ। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দুই বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালায়। উৎসব উপলক্ষে বহু মানুষ সেখানে জড়ো হয়েছিল।
দুই হামলাকারীকে পুলিশ আট করে এবং একজন মারা গিয়েছে। আহত হয়েছেন দুই পুলিশকর্মীও। তবে ধর্মীয় উৎসব উপলক্ষে ইহুদিদের নিশানা করেই হামলা চালানো হয় কি না, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।
অস্ট্রেলিয়ায় সচরাচর বন্দুকবাজ হামলার মতো অপরাধ ঘটে না। তাও আবার বন্ডাই বিচের মতো জনসমাগমপূর্ণ এলাকায়। সারাক্ষণই সেখানে বিপুল পুলিশ মোতায়েন থাকে। ১৯৯৬ সালে পোর্ট আর্থার গণহত্যার পর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইনও রয়েছে অস্ট্রেলিয়ায়। তাই এই ধরনের ঘটনা বিরল।
ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারযোগ বলেন, “এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে আমাদের ভাই-বোনেরা সন্ত্রাসীদের প্রাণঘাতী হামলার শিকার, ইহুদিদের উপর নৃশংসা হামলা।” ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে একজোট হতেও আহ্বান জানান তিনি।








