কুড়িয়ে পাওয়া ৭ লক্ষ টাকা ফিরিয়ে দিলেন শিল্পা-সুরাজ, সততার উজ্জ্বল নজির
নতুন পয়গাম, নদিয়া:
চলন্ত ট্রেনে কুড়িয়ে পাওয়া ৭ লক্ষ টাকা মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন নদীয়ার দত্তপুলিয়ার বাসিন্দা শিল্পা সাধুখা এবং বিএসএফ জওয়ান সুরাজ বিশ্বাস। তাঁদের এই মানবিক উদ্যোগে ইতিবাচক সাড়া পড়েছে এলাকায়।
বুধবার সন্ধ্যায় শিয়ালদহ থেকে আড়ংঘাটা যাওয়ার ট্রেনে ওঠেন বেসরকারি ব্যাংকের কর্মী শিল্পা সাধুখা। ট্রেন রানাঘাট ছাড়ার পর তিনি লক্ষ্য করেন, তাঁর পায়ের কাছে একটি কলেজ ব্যাগ পড়ে আছে। বারবার পায়ে বাধা পেয়ে তিনি পাশে দাঁড়ানো বিএসএফ জওয়ান সুরাজ বিশ্বাসকে মালিকের সন্ধান করতে অনুরোধ করেন।
সুরাজ ট্রেনের ভিতরে ব্যাগটি উঁচু করে যাত্রীদের জিজ্ঞাসা করলেও কেউ মালিক বলে এগিয়ে আসেননি। সন্দেহ হওয়ায় ব্যাগে মালিকের পরিচয় খুঁজতে চেইন খুলতেই দেখা যায়, ভেতরে সাজানো রয়েছে ৫০০ টাকার একাধিক বান্ডিল।
আড়ংঘাটা স্টেশনে নেমে দু’জনে স্টেশন মাস্টারকে জানান পুরো ঘটনাটি। পরে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে টাকার প্রকৃত মালিক দত্তপুলিয়ার চিরঞ্জীব মণ্ডলের সন্ধান মেলে। প্রমাণ যাচাই শেষে শিল্পা সাধুখা ব্যাগসহ পুরো ৭ লক্ষ টাকা তাঁর হাতে তুলে দেন।
শিল্পা এবং সুরাজের এই সততার ঘটনায় আবারও প্রমাণ হল- মানবতা এখনো সমাজে বেঁচে আছে।








