উন্নয়ন ও স্বীকৃতির দাবিতে শেরশাবাদিয়া বিকাশ পরিষদের সম্মেলন
নতুন পয়গাম, রায়গঞ্জ:
উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের কামাতের এক বেসরকারি প্রতিষ্ঠানে সম্প্রতি অনুষ্ঠিত হল শেরশাবাদিয়া বিকাশ পরিষদের দ্বিতীয় পর্যায়ক্রমিক ইউনিট সম্মেলন। সমাজ, শান্তি, বিকাশ ও সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে আয়োজিত এই সভায় বক্তারা একযোগে শেরশাবাদিয়া জনজাতির দীর্ঘদিনের অধিকার ও স্বীকৃতির দাবি জোরালোভাবে তুলে ধরেন।
সম্মেলনে জানানো হয়, শেরশাবাদিয়া সম্প্রদায়কে ভূমিপুত্র স্বীকৃতি প্রদান, একটি স্বতন্ত্র উন্নয়ন পর্ষদ ও ভাষা অ্যাকাডেমি গঠন এবং বিজ্ঞানসম্মত সমীক্ষার ভিত্তিতে পুনরায় তাদেরকে ওবিসি ‘এ’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা জরুরি। বক্তাদের মতে, এই দাবিগুলি পূরণ হলে পিছিয়ে পড়া এই জনজাতি আর্থ-সামাজিক উন্নয়নের মূলস্রোতে যুক্ত হতে পারবে এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিশা পাবে।
পরিষদের পক্ষ থেকে আরও জানানো হয়, এই সম্মেলন শুধুমাত্র দাবি তোলার ক্ষেত্র নয়, বরং শেরশাবাদিয়া সমাজের ঐক্য, সংহতি ও আত্মসম্মানের প্রতীক। বিশেষজ্ঞদের মতে, তাদের উন্নয়ন বোর্ড ও সংরক্ষণের দাবিগুলি যৌক্তিক এবং তা বাস্তবায়িত হলে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক সাত্তার আহমেদ, জেলা পরিষদের সদস্য আবদুর রহিম, ব্লক সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন, সম্পাদক সিরাজুল ইসলাম বাবলু, মোহাম্মদ বিন তুঘলক, আবুল কালাম, বারকাতুল্লাহসহ আরও অনেকে।








