শারদ উৎসবে দুস্থদের পাশে চাপড়া থানা
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, নদিয়া:
নদীয়া জেলার ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া থানার উদ্যোগে বিশ্বকর্মা পুজোর দিনই শারদ উৎসবের আনন্দ ভাগ করে নিলেন থানার পুলিশকর্মীরা। চাপড়ার আইসি অনিন্দ্য মুখার্জীর নেতৃত্বে এই বিশেষ কর্মসূচিতে নতুন বস্ত্র পেলেন শতাধিক দুস্থ পরিবারের সদস্য ও এলাকার কচিকাঁচারা।
দুর্গাপুজোর আগে নতুন জামাকাপড় কেনা নিয়ে শহরজুড়ে চলছে ভিড়। বিভিন্ন বাজার ও শপিং মলে ঠাসা মানুষের ঢল। অথচ সেই আনন্দ থেকে বঞ্চিত এক বড় অংশের মানুষ—যাদের সামর্থ্য নেই উৎসবের সময় নতুন বস্ত্র কেনার। তাঁদের মুখে হাসি ফোটাতেই এগিয়ে এলেন চাপড়া থানার পুলিশকর্মীরা।
আইসি অনিন্দ্য মুখার্জী জানিয়েছেন, দুর্গাপুজোয় ভিড় সামলাতে পুলিশকর্মীরা যখন নিরলস ডিউটিতে ব্যস্ত থাকেন, তখন নিজেরা উৎসব উপভোগ করতে পারেন না। কিন্তু সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সেই সময়ও তাঁরা পিছপা হননি। নিজের বেতনের অর্থ দিয়ে তিনি ও সহকর্মীরা কিনে দেন নতুন জামাকাপড়। থানার ব্যবস্থাপনায় চাপড়ার বিভিন্ন গ্রামের শতাধিক দুস্থ মানুষ ও শিশুর হাতে পুজোর নতুন পোশাক তুলে দেন পুলিশকর্মীরা।
নতুন পোশাক হাতে পেয়ে খুশিতে মুখ উজ্জ্বল হয়েছে ক্ষুদে থেকে প্রবীণ সকলেরই। এলাকাবাসীর মতে, এ ধরনের উদ্যোগ শুধু মানবিকতারই নিদর্শন নয়, পুলিশ-প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ককেও আরও নিবিড় করে তোলে।
শারদ উৎসবের প্রাক্কালে চাপড়া থানার এই উদ্যোগ প্রমাণ করল—উৎসবের আনন্দ কেবল সাজসজ্জা বা ভোগে নয়, বরং অন্যের মুখে হাসি ফোটানোয় নিহিত।








