আজ খগেনকে দেখতে আসছেন শাহ
নতুন পয়গাম, কলকাতা:
বন্যা পরিদর্শনে গিয়ে বন্যাদুর্গত মানুষদের রোষে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাজনৈতিক সৌজন্য দেখিয়ে হাসপাতালে চিকিৎসারত খগেনকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এই ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পাল্টা মুখ্যমন্ত্রী বলেছিলেন, ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক। কিন্তু সবকিছু না জেনে প্রধানমন্ত্রীর এহেন মন্তব্য নাটক।
সোমবার উত্তরবঙ্গের নাগরাকাটায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যান মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক। এলাকার বন্যাদুর্গত মানুষজন তাদেরকে বলেন, খালি হাতে এসেছেন কেন। ত্রাণ নিয়ে আসেননি কেন। ফটো তুলতে এসেছেন এখানে? এরকম বচসা চলাকালে এক পর্যায়ে খগেন ও বিধায়কের ওপর জনরোষ আছড়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, রক্তাক্ত সাংসদ খগেন মুর্মু হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সেখানে গিয়ে অসুস্থ সাংসদকে দেখতে যান মুখ্যমন্ত্রী। তাঁর শরীর-স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং সবরকম সাহায্যের আশ্বাস দেন।
বিষয়টি দিল্লি পর্যন্ত গড়ানোয় এদিনই বিজেপি সাংসদের সঙ্গে দেখা করে যান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। কাল বুধবার শিলিগুড়ি যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বন্যার জেরে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা-সহ সমগ্র উত্তরবঙ্গ কার্যত তছনছ হয়ে গিয়েছে। সোমবার সংশ্লিষ্ট ব্লকের সুলকাপাড়ায় পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন খগেন এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সেখান থেকে ফিরে মাটিগাড়া হাসপাতালে ভর্তি হন সাংসদ। এদিন দুধিয়া থেকে ফেরার পথে তাঁকে দেখতে সেখানে যান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, শিলিগুড়ির মেয়র গৌতম দেব-সহ অন্যরা।
তৃণমূল কোনওরকম হিংসাকে সমর্থন করে না বলে দল এবং সরকারের তরফে মুখ্যমন্ত্রী বার্তা দিলেও আসন্ন ভোটের কথা মাথায় রেখেই বিষয়টা নিয়ে অতিরিক্ত জলঘোলা হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্ট মহলের। ইতিমধ্যেই এ বিষয়ে রাজ্যের রিপোর্ট তলব করেছে কেন্দ্র সরকার।








