জয়ের পর ট্রাম্পকে কড়া বার্তা মামদানির
নতুন পয়গাম, নিউ ইয়র্ক:
আমেরিকার সবচেয়ে বড় শহর নিউইয়র্কের মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন জোহরান মামদানি। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা একটি রাজনৈতিক রাজবংশকে উৎখাত করেছি। নিউইয়র্ক শহরের নতুন জন্ম হয়েছে। যদি কেউ দেখাতে পারে কীভাবে স্বৈরশাসককে পরাজিত করা যায়, তবে তা এই নিউইয়র্ক শহরই দেখিয়েছে।’
এরপর ট্রাম্পকে উদ্দেশ্যে করে ৩৪ বছর বয়সী ডেমোক্রেটিক নেতা তথা নিউ ইয়র্কের নতুন মেয়র মামদানি বলেন, আমি জানি প্রেসিডেন্ট ট্রাম্পও আমার ভাষণ শুনছেন, দেখছেন, তাই আপনার জন্য আমার পরামর্শ টেলিভিশনের ভলিউম বাড়ান। নিউইয়র্কের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে।

উল্লেখ্য, নির্বাচনের আগে শেষ মুহূর্তে জোহরান মামদানিকে পরাজিত করতে ভোটারদের প্রতি বিদ্বেষী ভাষায় আহ্বান জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানি মেয়র নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারের অর্থ নিউইয়র্কে আসতে দিতে চাইবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে ট্রাম্প নিজে রিপাবলিকান নেতা হলেও ডেমোক্র্যাট পার্টির নেতা, যিনি নির্দল প্রার্থী হিসেবে লড়েন, সেই অ্যান্ড্রু কুওমো-কে সমর্থনের কথা প্রকাশ্যে ঘোষণা করেন ট্রাম্প। ট্রাম্পের নির্দেশে অসংখ্য মার্কিন-ইহুদি বহুজাতিক কোম্পানি মামদানি হারাতে কোটি কোটি ডলার খরচ করেছে। কিন্তু শেষমেষ মামদানির জয় ঠেকাতে পারেনি কেউই।








