স্কুলে খবরের কাগজ পড়া ও পড়ানো আবশ্যিক উত্তরপ্রদেশের পর ঘোষণা রাজস্থান সরকারের
নতুন পয়গাম, জয়পুর: উত্তরপ্রদেশের পর এবার রাজস্থান সরকারও রাজ্যের সমস্ত সরকারি স্কুলে শিক্ষার্থীদের জন্য প্রতিদিন সংবাদপত্র পড়া বাধ্যতামূলক করেছে। শিক্ষার্থীদের পড়ার অভ্যাস বাড়ানো, শব্দভাণ্ডার সমৃদ্ধ করা এবং সাধারণ জ্ঞান বা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজস্থান স্কুল শিক্ষা দফতরের ৩১ ডিসেম্বরের নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন প্রাতঃকালীন সমাবেশের সময় অন্তত ১০ মিনিট সংবাদপত্র পড়তে হবে। উচ্চ মাধ্যমিক ও ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে অন্তত একটি হিন্দি এবং একটি ইংরেজি পত্রিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, উচ্চ প্রাথমিক স্কুলগুলোকে দুটি হিন্দি সংবাদপত্র রাখার কথা বলা হয়েছে। এই পত্রিকাগুলোর সাবস্ক্রিপশন বা কেনা বাবদ যাবতীয় খরচ বহন করবে জয়পুরের রাজস্থান স্কুল শিক্ষা কাউন্সিল।
কেবল খবর পড়াই নয়, ভাষা শিক্ষার ওপর জোর দিতে প্রতিদিন পত্রিকা থেকে ৫টি নতুন শব্দ খুঁজে বের করে শিক্ষার্থীদের তার অর্থ বুঝিয়ে দিতে বলা হয়েছে। প্রাতঃকালীন সমাবেশে জাতীয় স্তরের খবরগুলো পাঠ করে শোনানো হবে। এছাড়া শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ অনুযায়ী ভাগ করে সম্পাদকীয় কলাম, জাতীয়-আন্তর্জাতিক খবর এবং খেলাধুলার সংবাদ নিয়ে আলোচনার সুযোগ করে দেওয়া হবে।
সরকারি কর্মকর্তাদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের কেবল সামাজিক সচেতনতাই বাড়াবে না, বরং ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও বড় সহায়ক হবে। অল্প বয়স থেকেই বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা ও খবরের গতিপ্রকৃতি বোঝার সক্ষমতা তৈরি করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এক সপ্তাহ আগেই উত্তরপ্রদেশ সরকার একই ধরনের নিয়ম চালু করেছিল, এবার সেই পথেই হাঁটল রাজস্থান।








