আজ বিশ্বকাপে একাধিক বড় ম্যাচ, জিতবে কারা
নতুন পয়গাম, স্টাফ রিপোর্টারঃ আজ বিশ্বকাপে নামছে একাধিক বড় দল।ঘটতে পারে অঘটনও। বিশ্বকাপের প্রথম ম্যাচেই পচা শামুকে পা কাটতে চলেছিল ইংল্যান্ড। অ্যাসোসিয়েট দেশ নেপালের বিরুদ্ধে পুরো ম্যাচে হাঁসফাঁস করেছে হ্যারি ব্রুকের দল। শেষ পর্যন্ত কোনওক্রমে ৪ রানে জয় পায় তারা। এমন পরিস্থিতিতে বুধবার ওয়াংখেড়েতে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হবে টি-২০’তে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। দু’দলই জিতেছে প্রথম ম্যাচ। সেজন্যই এই মহারণ গুরুত্বপূর্ণ। মেগা ম্যাচের আগে তাই রীতিমতো সতর্ক ব্রুকরা। নেপালের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটারদের পারফরম্যান্স সন্তোষজনকই ছিল। তবে ক্যাপ্টেন হ্যারি ব্রুক, জেকব বেথেল, উইল জ্যাকস রান পেলেও ফিল সল্ট-জস বাটলাররা ব্যর্থ। নেপালের বিরুদ্ধে জোফ্রা আর্চার, লুক উডের মতো বোলার ওভার প্রতি দশের বেশি রান খরচ করেছেন। আদিল রশিদের অবস্থা তো আরও খারাপ। প্রায় ১৪ গড়ে রান বিলিয়ে কোনও উইকেট পাননি। ওয়েস্ট ইন্ডিজ টিমে বেশিরভাগ ক্রিকেটারই আবার টি-২০ স্পেশালিস্ট।
এদিকে, আমেদাবাদে প্রোটিয়া চ্যালেঞ্জের সামনে আফগানরা। এমনিতেই ‘গ্রুপ অব ডেথ’ বলা হচ্ছে ‘ডি’-কে। সেই দৌড়ে কিউয়িদের কাছে হেরে প্রথমেই খানিকটা পিছিয়ে গিয়েছে আফগানরা। বুধবারও হারলে গ্রুপ পর্বেই বিদায় কার্যত নিশ্চিত রশিদ খানের দলের। মোতেরায় তাদের সামনে তাই মরণ-বাঁচন লড়াই। দক্ষিণ আফ্রিকা অবশ্য দাপটে শুরু করেছে অভিযান। কানাডার বিরুদ্ধে জয় এসেছে রীতিমতো আধিপত্য নিয়ে। কলম্বোয় এদিন সন্ধ্যায় আবার অভিযান শুরু করতে চলেছে অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া। ‘বি’ গ্রুপে মিচেল মার্শের দলের সামনে আয়ারল্যান্ড। অজিদের সাম্প্রতিক ফর্ম অবশ্য স্বস্তি দিচ্ছে না। লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে ০-৩ ব্যবধানে কচুকাটা হয়েছে তারা। তার উপর কাপযুদ্ধে একেবারে অনভিজ্ঞ পেস বোলিং নিয়ে নামতে হচ্ছে। মিচেল স্টার্ক আগেই অবসর নিয়েছেন। চোটের জন্য নেই প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। হ্যাজেলউডের পরিবর্ত পেসারের নাম ঘোষিত হয়নি। তাছাড়া টিম ডেভিড হ্যামস্টিংয়ের সমস্যা সারিয়ে ওঠেননি। ফলে এই ম্যাচে কার্যত ১৩ জন ফিট ক্রিকেটারকে পাচ্ছে অজিরা। আজ কি অঘটন ঘটবে?
অপেক্ষার কয়েক ঘন্টা।
আজ বিশ্বকাপেঃ
অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড (দুপুর ৩ টে)।
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ (সন্ধ্যে ৭টায়)।
দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান (সকাল ১১টায়)।
সম্প্রচার স্টার স্পোর্টস।








