সেবা তীর্থ: নতুন ভবনে সরছে প্রধানমন্ত্রীর দফতর
নতুন পয়গাম, নয়াদিল্লি:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় (পিএমও) আর সাউথ ব্লকে ৭৮ বছরের পুরনো ভবনে থাকবে না। ‘সেন্ট্রাল ভিস্তা’ প্রকল্পের অংশ হিসেবে তৈরি নতুন অত্যাধুনিক ভবনে শিগগিরই স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে। এই নতুন কমপ্লেক্সের নাম রাখা হয়েছে ‘সেবা তীর্থ’। কেন্দ্র সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর এই নতুন এক্সিকিউটিভ এনক্লেভে উঠে আসছে। বিভিন্ন রাজ্যে রাজভবনের নাম বদলে ‘লোক ভবন’ করার পর এবার প্রধানমন্ত্রীর দফতরের নতুন নামও ঠিক হল। বায়ু ভবনের ঠিক পাশেই তৈরি এনক্লেভ-১ এর প্রথম ভবন ‘সেবা তীর্থ-১’ থেকে পিএমও-র কাজকর্ম চলবে।
এনক্লেভের বাকি দু’টি ভবন ‘সেবা তীর্থ-২’ এবং ‘সেবা তীর্থ-৩’। এগুলোতে যথাক্রমে ক্যাবিনেট সচিবালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কার্যালয় থাকবে। ইতিমধ্যেই ১৪ অক্টোবর ‘সেবা তীর্থ-২’-এ ক্যাবিনেট সচিব টি.ভি. সোমনাথন প্রতিরক্ষা মন্ত্রকের বিভাগীয় প্রধানদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন।








