ধনধান্যে কৃষি যোজনা উপলক্ষে নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রে সেমিনার
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, জয়নগর:
কৃষি উন্নয়নে ধারাবাহিক অবদান রেখে চলা নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে শনিবার অনুষ্ঠিত হল ধনধান্য কৃষি যোজনা উপলক্ষে এক বিশেষ সেমিনার। সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ব্লক থেকে প্রায় ৪৫০ জন কৃষক ও কৃষাণি অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন নয়াদিল্লির জাতীয় কৃষি বিজ্ঞান পরিসরে ধনধান্য কৃষি যোজনা, ডালশস্য আত্মনির্ভরতা মিশনসহ মোট ৪২,০০০ কোটি টাকার একগুচ্ছ কৃষি প্রকল্পের উদ্বোধন করেন। দেশের ৭৩১টি কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষিজীবীরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। কৃষি বিশেষজ্ঞদের মতে, এই পরিকল্পনাগুলি দেশের কৃষি ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
নিমপীঠের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রামকৃষ্ণ আশ্রমের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী মুক্তানন্দজি মহারাজ। স্বাগত ভাষণে কেন্দ্রের প্রধান ও বরিষ্ঠ কৃষিবিজ্ঞানী ড. চন্দন কুমার মণ্ডল বলেন, “জাতীয় ডাল শস্য মিশন, তৈলবীজ মিশন, খাদ্য সুরক্ষা মিশন ও প্রাকৃতিক চাষ মিশনের মাধ্যমে দেশ ক্রমে কৃষিক্ষেত্রে আত্মনির্ভরতার পথে এগোচ্ছে।” তিনি আরও উল্লেখ করেন, “আগামী দিনে কৃষিতে উদ্ভাবনী প্রযুক্তি—যেমন ড্রোন ব্যবহারের সম্প্রসারণ ও মাইক্রো সেচ ব্যবস্থার উন্নয়ন—অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”
সেমিনারে কৃষি বিজ্ঞান কেন্দ্রের অন্যান্য বিজ্ঞানীরাও কৃষিকে আরও লাভজনক ও টেকসই করার নানা দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত কৃষকরা জানান, এমন জ্ঞানসমৃদ্ধ উদ্যোগ তাঁদের কৃষিকাজে বাস্তব প্রেরণা জোগাবে।








