ওবিসি বঞ্চনার প্রতিবাদে রামপুরহাটে প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অফ বেঙ্গলের সেমিনার ও পদযাত্রা
সংখ্যালঘু ও প্রান্তিকদের ন্যায্য অধিকারের দাবি
নতুন পয়গাম, রামপুরহাট, ৯ নভেম্বর, ২০২৫:
রাজ্যের নতুন ওবিসি (OBC) তালিকায় সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর চরম বঞ্চনার অভিযোগ তুলে রবিবার বীরভূমের রামপুরহাটে সেমিনার ও প্রতিবাদী পদযাত্রার মাধ্যমে সরব হল প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অফ বেঙ্গল (PIB)। “OBC বঞ্চনা: সমস্যা ও সমাধান” শীর্ষক এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল প্রকৃত বঞ্চিত শ্রেণির সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারের দাবি তুলে ধরা।
রামপুরহাটের মা তারা অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন অধ্যাপক রাজিবুল ইসলাম, অধ্যাপক সারোয়ার হোসেন, লিপি মণ্ডল, প্রধান শিক্ষক আনোয়ার স্যার, লুসি খাতুন, শেখ জাহিরুদ্দিন, আনিসুর রহমান এবং সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মানাজাত আলী বিশ্বাসসহ একাধিক বিশিষ্টজনেরা।
সেমিনারে বৃহৎ স্ক্রিনের সাহায্যে উপস্থাপন করা হয়, কীভাবে নতুন ওবিসি তালিকায় মুসলিম সংখ্যালঘুরা পদ্ধতিগতভাবে বঞ্চিত হচ্ছেন। বক্তারা বলেন, সুবিধাভোগী ও উন্নত গোষ্ঠীগুলিকে তালিকার মধ্যে রেখে প্রকৃত পিছিয়ে পড়া মানুষদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
অধ্যাপক ড. মানাজাত আলী বিশ্বাস বলেন, “নতুন ওবিসি তালিকা প্রণয়নের পর সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ কার্যত অকার্যকর হয়ে গেছে। বহু উন্নত সংখ্যাগুরু গোষ্ঠীকে OBC-A তালিকায় যুক্ত করা হয়েছে, যাদের অবিলম্বে সরিয়ে তালিকার পুনর্বিন্যাস করা প্রয়োজন। এছাড়া নন-গেজেটেড চাকরিতে ইন্টারভিউ প্রথা বাতিল করতে হবে এবং পরীক্ষায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরীক্ষার্থীর নাম গোপন রাখার ব্যবস্থা করতে হবে।”
সেমিনার শেষে বিকেলে রামপুরহাট শহরের রাস্তায় বিশাল পদযাত্রা বের হয়। শত শত মানুষ হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বঞ্চনার বিরুদ্ধে স্লোগানে মুখর করে তোলেন শহর। পদযাত্রায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
পর্যবেক্ষকদের মতে, এই কর্মসূচি প্রমাণ করল যে প্রান্তিক মানুষ এখন তাদের সাংবিধানিক অধিকার নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন ও ঐক্যবদ্ধ।
PIB সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের কাছে অবিলম্বে ওবিসি তালিকা পুনর্বিন্যাসের দাবি জানানো হচ্ছে, যাতে প্রকৃত বঞ্চিত ও সংখ্যালঘু শ্রেণির মানুষ তাদের প্রাপ্য সংরক্ষণের সুফল পান। দাবি না মানলে, আগামী দিনে কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।









