মালদা জেলায় নির্বিঘ্নেই সম্পন্ন মাধ্যমিক ও মাদ্রাসার পরীক্ষা
নতুন পয়গাম, মালদা: সোমবার মালদা জেলা জুড়ে নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পরীক্ষা। এদিন হাই মাদ্রাসা ফাইনাল,আলিম,ফাজিলের দ্বিতীয় ভাষা ইংরেজি এবং মাধ্যমিকের প্রথম ভাষা বাংলা বিষয়ের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মালদা জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন ছিল মাদ্রাসার তৃতীয় দিনের পরীক্ষা এবং মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। জেলায় ৩২টি পরীক্ষা কেন্দ্রে মাদ্রাসার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলায় মাধ্যমিক পরীক্ষার জন্য ১২০টি কেন্দ্র রয়েছে এর মধ্যে মেইন ভেন্যু ১৯টি। জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬৩৪৩১জন। এদিন মাদ্রাসা পরীক্ষার তৃতীয় দিন জেলার ডিএলএসি টিম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে। এদিনের টিমে ছিলেন ডিএলএসি সদস্য তথা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের প্রাক্তন সদস্য আতাউর রহমান রানা, ডিএলএসি সদস্য হজরত উমার ফারুক এবং মহম্মদ সানাউল্লাহ। এদিন রতুয়া-২ব্লকের বিজিএইচকেএন হাই মাদ্রাসা,রতুয়া-১ব্লকের ভগবানপুর হাই মাদ্রাসা ও চাঁচল-২ব্লকের চাঁন্দুয়া দামাইপুর হাই মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হয়। জেলায় নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে পরীক্ষা কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই বলেই দাবি। এই প্রসঙ্গে মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) মৃন্ময় রায় বলেন, জেলায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে মাধ্যমিকের প্রথম দিনের এবং মাদ্রাসার তৃতীয় দিনের পরীক্ষা। প্রশ্নপত্র নিয়ে পড়ুয়াদের কোনও অভিযোগ নেই। জেলার সুনাম বজায় রেখেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে দেখেছি। পর্ষদের অনুমতি ক্রমে আহত পরীক্ষার্থীদের লেখকের ব্যবস্থা করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে জেলা শিক্ষা দপ্তর সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।








