দিনে ৩ কেজি চালের ভাত খায় জিসান, পাশে দাঁড়ালেন বিধায়ক বাইরন বিশ্বাস
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
মাত্র ১৬ বছরের কিশোর জিসান আলী প্রতিদিন প্রায় ৩ কেজি চালের ভাত খেয়ে ফেলছে। বর্তমানে তার ওজন দাঁড়িয়েছে প্রায় ১ কুইন্টাল ৩০ কেজিতে। অস্বাভাবিক খাওয়ার অভ্যাস ও বাড়তে থাকা ওজন সামলাতে হিমশিম খাচ্ছে দিন আনে দিন খাওয়া পরিবারটি।
জিসানের বাবা মুনসাদ আলী একজন দিনমজুর। সংসারের দায়দায়িত্বের পাশাপাশি ছেলের খাবার ও চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। এই খবর পৌঁছায় সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাসের কাছে।
শুক্রবার জিসানের বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য প্রদান করেন বিধায়ক। পাশাপাশি জিসানের খাবার-দাবারের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আশ্বাসও দেন তিনি। বাইরন বিশ্বাস জানান, মানবিক দিক বিবেচনা করে এই পরিবারের পাশে তিনি সবসময় থাকবেন।
অন্যদিকে জিসানের বাবা বলেন, “খাওয়ার ব্যবস্থা আমরা কোনোভাবে চালিয়ে নিতে পারবো। কিন্তু ছেলের ওজন দিন দিন বেড়েই চলেছে। চিকিৎসার ব্যবস্থা যেন বিধায়ক সাহেব করে দেন, সেই আশাই রাখছি।”
বিধায়কের এই মানবিক উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও। তাঁদের মতে, এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধির পাশে দাঁড়ানো নিঃসন্দেহে প্রশংসনীয় পদক্ষেপ।








