বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে শুরু রক ক্লাইম্বিং কোর্স
তৌসিফ আহম্মেদ, নতুন পয়গাম, বাঁকুড়া:
শুশুনিয়া পাহাড়ের পাথুরে গা আজ আবারও মুখর হয়ে উঠল অ্যাডভেঞ্চারপ্রেমীদের পদচারণায়। সোমবার থেকে শুরু হয়েছে রক ক্লাইম্বিং ইউনিভার্সিটি হিসেবে পরিচিত শুশুনিয়া পাহাড়ে এই শৈলারোহন প্রশিক্ষণ কোর্স। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যুবক-যুবতীরা ভিড় জমিয়েছেন শুশুনিয়ার পাদদেশে।
বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার আ্যকাডেমী আয়োজিত অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা শিখছেন দড়ি-নট বাঁধা, র্যাপেলিং, বেলেয়িং, ব্যালান্স কৌশলসহ পাহাড় আরোহনের মৌলিক থেকে উন্নত দক্ষতা। নিরাপত্তা বজায় রাখতে বিশেষ জোর দেওয়া হয়েছে আধুনিক ক্লাইম্বিং সরঞ্জামে।
প্রশিক্ষকদের মতে, শুশুনিয়ার প্রাকৃতিক পাথুরে দেওয়াল ও বৈচিত্র্যময় রুট রক ক্লাইম্বিংয়ের জন্য অত্যন্ত উপযোগী। তাই প্রতিবছরই বাড়ছে অংশগ্রহণকারীদের আগ্রহ। আয়োজকদের আশা, এই কোর্সের মাধ্যমে আরও বেশি যুবসমাজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিতে উৎসাহিত হবে এবং ভবিষ্যতে তৈরী হবে দক্ষ ক্লাইম্বারদের নতুন প্রজন্ম।








