খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দন্ত চিকিৎসক
নতুন পয়গাম, তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া: বাঁকুড়া জেলার ইন্দাস থানা এলাকার খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে এক পথ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন দন্ত চিকিৎসক ডা. সায়ন রক্ষিত। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।জানা যায়, রসূলপুর থেকে চেম্বার করে চার চাকার গাড়িতে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে হঠাৎ গাড়ির পিছনের চাকা ফেটে যায়। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে।
ধাক্কার জেরে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং এয়ারব্যাগ খুলে যায়। তবে সৌভাগ্যবশত বড় ধরনের আঘাত পাননি চিকিৎসক। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে গাড়ি থেকে উদ্ধার করেন। পরে কাছের এক চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা করানো হয়।ঘটনায় গুরুতর কেউ আহত না হলেও গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে চাকা ফেটে যাওয়াকেই দায়ী করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।








