চুঁচুড়ায় সোমবার সাতসকালে পথ দুর্ঘটনা, জখম যুবকের অবস্থা আশঙ্কাজনক
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ হুগলির চুঁচুড়ায় সোমবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক যুবক গুরুতর জখম হঢয়ে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, যায় যুবকের বাড়ি চুঁচুড়া থানার অন্তর্গত প্রিয়নগর স্টেডিয়াম মাঠ সংলগ্ন খাদিনা মোড় এলাকায়। একটি টাটা সুমো ও একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন এক যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে খাদিনা মোড় থেকে তালডাঙ্গার দিকে একটি টাটা সুমো যাওয়ার সময় উল্টোদিক থেকে একটি স্কুটি খাদিনা মোড়ের দিকে আসছিল। বেখেয়ালবশত স্কুটিচালক যুবক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি টাটা সুমোর সামনে চলে আসে এবং সজোরে ধাক্কা মারে। ধাক্কার বিকট শব্দে আশপাশের বাসিন্দারা সঙ্গে সঙ্গে ছুটে এসে দেখেন, স্কুটি চালক রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে আছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় মানুষজন ও পুলিশের সহায়তায় গুরুতর জখম যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে জানা গেছে, আহত যুবক স্থানীয় এলাকারই বাসিন্দা। তবে এখনও পর্যন্ত তাঁর সম্পূর্ণ পরিচয় জানা যায়নি। সাতসকালে এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।








