স্যার সৈয়দ দিবসে এসআইআর ও ওবিসি সমস্যা নিয়ে পর্যালোচনা
উমার ফারুক,নতুন পয়গাম,মালদা:
আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন মালদা চ্যাপ্টারের উদ্যোগে শুক্রবার স্যার সৈয়দ দিবস উদযাপন করা হয় সামসি বাইপাসের পাশে ওএসডি স্কুলে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা স্যার সৈয়দ আহমেদ খানের জন্মবার্ষিকী ১৭ অক্টোবর স্যার সৈয়দ দিবস হিসেবে প্রতি বছর পালন করে থাকে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তনীরা এদিন
স্যার সৈয়দ দিবস পালন করতে ছুটে আসেন। অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তনীরা নানা স্মৃতিচারণের মাধ্যমে দিনটি উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করেন।
স্যার সৈয়দ দিবসে রাজ্য তথা সমগ্র দেশে মুসলিম দের আর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বর্তমানে জলন্ত ইস্যু এসআইআর ও ওবিসি সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত আলীগগণ। সেই সঙ্গে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকার মানুষের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছনোর জন্য উদ্যোগ নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। প্রাক্তনীরা উত্তরবঙ্গের মানুষের কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করবে। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তনী দেওয়ান আব্দুল গনি কলেজের অধ্যাপক ড. মহম্মদ ইসমাইল, জিবিএস হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মাদ্রাসা পর্ষদের সদস্য শাকিলুর রহমান, চাঁন্দুয়া দামাইপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা ফরিদা বেগম, শহিদুল ইসলাম সহ অন্যান্য প্রাক্তনীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. আবদুল মাবুদ।
আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে জানানো হয়, স্যার সৈয়দ আহমেদ খানের অবদানকে স্মরণ করতে স্যার সৈয়দ আহমেদ দিবস উদযাপন করা হয়। তাঁর মিশন ও ভিশন কে বাস্তবায়ন করার জন্য এই দিবস পালিত হয়ে আসছে। ১৯ শতকের মুসলিম দার্শনিক,সমাজ সংস্কারক তথা শিক্ষাবিদ হিসেবে তিনি আধুনিক শিক্ষার প্রচারে এবং মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।








