হারানো ও চুরি যাওয়া মোবাইল ফেরাল রায়গঞ্জ জেলা পুলিশ
রামকৃষ্ণ দাস, নতুন পয়গাম, উঃ দিনাজপুর: দেশের ৭৯তম স্বাধীনতা দিবসে শুক্রবার অনন্য মানবিক উদ্যোগের নজির রাখল রায়গঞ্জ জেলা পুলিশ। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হল সাধারণ মানুষের হাতে। এদিন মোট ১৫৬ জনের হাতে তাদের হারানো মোবাইল ফোন তুলে দেয় জেলা পুলিশ প্রশাসন। এ প্রসঙ্গে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সানা আক্তার জানান, স্বাধীনতা দিবসের শুভক্ষণে সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি জেলা পুলিশের এই বিশেষ উদ্যোগের মাধ্যমে বহু মানুষকে খুশি করা সম্ভব হয়েছে। তিনি বলেন, হারিয়ে যাওয়া মোবাইল কেউ ব্যবহার করলে আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে ট্র্যাক করে সেটি উদ্ধারের চেষ্টা করি। পাশাপাশি তিনি জেলার সব মোবাইল বিক্রেতাদের সতর্ক করে বলেন, হারানো মোবাইল কেনা-বেচায় জড়াবেন না। বিষয়টির ওপর পুলিশ রীতিমতো নজরদারি চালাচ্ছে, এর সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই মানবিক কর্মসূচিতে রায়গঞ্জ জেলা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। পুলিশের এই উদ্যোগে খুশি হয়ে সাধারণ মানুষ প্রশাসনকে কৃতজ্ঞতা জানান। এভাবে হারানো বা চুরি যাওয়া মোবাইল ফিরে পাওয়া স্বাধীনতার দিনে বাড়তি আনন্দ এনে দিল।








