পদত্যাগ জাপানি প্রধানমন্ত্রীর
নতুন পয়গাম, টোকিও, ৭ সেপ্টেম্বর:
একেবারে দেউলিয়া না হলেও জাপানের অর্থনীতিতে মন্দা চলছে। এমতাবস্থায় মুদ্রাস্ফীতি এবং দুর্বল অর্থনীতির কারণে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিগারু ইসিবা। রবিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি পদত্যাগের কথা ঘোষণা করেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ বাকি ছিল এক বছরের মতো। উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাপানের রপ্তানি করা পণ্যের উপর শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করে আমেরিকা। তার বিনিময়ে জাপানের উপর বেশ কিছু শর্ত চাপিয়ে দেওয়া হয়। সেই শর্ত মোতাবেক জাপানকে আগামী কয়েক বছরের মধ্যে বিভিন্ন খাতে আমেরিকায় ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। এছাড়াও আমেরিকার থেকে আরও বেশি পরিমাণে চাল ও সয়াবিন কিনতে হবে। উল্লেখ্য, টেকনো জায়ান্ট হলেও জাপানের অর্থনীতিতে মন্দা দেখা দেওয়ার অন্যতম কারণ হল, জন্মহার হ্রাস। ফলে নতুন প্রজন্মের সংখ্যা কমছে এবং বাড়ছে প্রবীণ মানুষের সংখ্যা। তরুণ প্রজন্ম বাড়লে দেশের শিল্পোৎপাদন বাড়বে। কিন্তু এই জায়গায় ঘাটতি দেখা দিচ্ছে। এটা আঁচ করেই চীন, জাপান, কোরিয়া, ইতালি-সহ বহু দেশ একাধিক সন্তান নেওয়ার জন্য নাগরিকদের নানারকম অফার ও সুযোগ-সুবিধা দিচ্ছে।








