সাগরদিঘীতে নবনিযুক্ত বিডিওকে সাহিত্য উৎসব কমিটির সংবর্ধনা
নতুন পয়গাম, সাগরদিঘী:
সোমবার সাগরদিঘী সাহিত্য উৎসব কমিটির উদ্যোগে নবনিযুক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) শ্রী সাতাংশুনাথ চক্রবর্তীকে এক উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্য, কৃতজ্ঞতা ও সাহিত্যচর্চার এক সুন্দর সমন্বয় সৃষ্টি করে।
অনুষ্ঠানে কমিটির সদস্যরা নবনিযুক্ত বিডিওকে উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া তুলে শুভেচ্ছা জানান। তাঁর কর্মজীবনের সাফল্য ও সাগরদিঘী ব্লকের সর্বাঙ্গীন উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত বিশিষ্টজনেরা। সকলের আশা, তাঁর দক্ষ নেতৃত্বে ব্লকের প্রশাসনিক কর্মকাঠামো আরও শক্তিশালী হবে এবং জনকল্যাণমূলক কাজ নতুন গতি পাবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য উৎসব কমিটির সদস্য ও প্রাক্তন শিক্ষক মঙ্গলচন্দ্র দাস, সচিন পাল, অরুনিতা দাস, জয়কুমার ধারা, তামিজুদ্দিন মল্লিক, সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ, সোম সেখসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
সাহিত্য, সমাজসেবা ও সাংস্কৃতিক চর্চার মননশীল উপস্থাপনায় আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান সাগরদিঘীর সাংস্কৃতিক পরিসরে এক মনোরম আবহ তৈরি করে।








