৯০০ কোটির সম্পত্তি রাঁচির সিএ কেজরিওয়ালের
নতুন পয়গাম, রাঁচি:
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নরেশকুমার কেজরিওয়ালের বাড়ি ও অফিসে তল্লাশি চালাতে গিয়ে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। মঙ্গলবার সকালে রাঁচি, মুম্বই ও সুরাটের একাধিক ঠিকানায় অভিযান চালিয়ে তদন্তকারীরা প্রায় ৯০০ কোটি টাকার সম্পত্তি এবং বিপুল লেনদেনের তথ্য-উপাত্ত উদ্ধার করেন।
ইডি সূত্রে জানা গেছে, কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ, তিনি হাওয়ালার মাধ্যমে বিদেশে টাকা পাচার করতেন। তাঁর ও পরিবারের নামে-বেনামে দেশের অন্তত তিন রাজ্যে বড়সড় সম্পত্তি রয়েছে বলেই সন্দেহ করা হচ্ছে। বিদেশে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরশাহী, নাইজেরিয়া ও আমেরিকায় বেনামে আরও বহু সম্পত্তির হদিশও মিলেছে।
এর আগে তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপ, ফেমা লঙ্ঘন এবং আয় বহির্ভূত সম্পত্তির মামলা দায়ের হয়েছিল। আয়কর দফতর থেকে সেই তদন্ত ইডির হাতে আসার পর বৃহৎ মাপের তল্লাশি শুরু হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র কর্তারা আরও জানতে পেরেছেন, কেজরিওয়ালের সঙ্গে কমপক্ষে ১,৫০০ কোটি টাকার লেনদেন যুক্ত রয়েছে। তাই এখন তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে ইডি।








