রামকৃষ্ণ মণ্ডল স্মৃতি চ্যালেঞ্জ কাপ ’২৫ সম্পন্ন – খালনা কালীমাতার জয়
অভিজিৎ হাজরা, নতুন পয়গাম, হাওড়া:
গ্রামীণ হাওড়ার আমতা-জয়পুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং রসপুর বীণাপাণি ক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল রামকৃষ্ণ মণ্ডল স্মৃতি চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতার ২১তম বর্ষ। সোমবার রসপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই বছরের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় খালনা কালীমাতা ক্লাব ও জয়পুর সাধনা সমিতি। রোমাঞ্চকর এই খেলায় খালনা কালীমাতা ২–০ গোলে জয়লাভ করে ট্রফি ঘরে তোলে। জয়ী ও পরাজিত দুই দলকেই সুদৃশ্য ট্রফি ও নগদ পুরস্কার প্রদান করা হয়। সেরা খেলোয়াড়, খেলার পরিচালক ও সহ-পরিচালকদেরও বিশেষ সম্মাননা জানানো হয়।
চূড়ান্ত পর্বের খেলায় উপস্থিত ছিলেন রসপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রেমচাঁদ রায়, বিশিষ্ট ফুটবলার অমল দত্ত, আমতা–জয়পুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক নিখিল সামন্ত, সমাজসেবী সুশীল হাজরা, অশোক দাস, রসপুর বীণাপাণি ক্লাবের রাজেন্দ্রপ্রসাদ ঘোষ, সুপ্রভাত নেবু, গুরুদাস সাধুখাঁ, ‘অগ্ৰগতি যোগ ও ন্যাচারোপ্যাথি কলেজ’-এর অধ্যক্ষ ডাঃ পরিতোষ হাজরা, অতনু মণ্ডল সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সমাজসেবী মুস্তাক আলি মণ্ডল।
রামকৃষ্ণ মণ্ডল স্মৃতি চ্যালেঞ্জ কাপ শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি স্থানীয় ক্রীড়া সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। ১৯০৮ সালের আগস্ট মাসে আমতার কলিকাতা গ্রামে জন্মগ্রহণ করেন রামকৃষ্ণ মণ্ডল। সমাজসেবী, প্রশাসক ও লেখক হিসেবে তিনি আমতা অঞ্চলের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। ১৯৩৪ সালে তিনি আমতা থানা ইন্টার ভিলেজ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম ছিলেন, যা পরবর্তীকালে আমতা-জয়পুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশন নামে পরিচিত হয়।
রামকৃষ্ণ মণ্ডল স্বাধীনতা আন্দোলনের সময় বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে যুক্ত ছিলেন। তিনি দামোদর নদের সঙ্কোচন রোধে কৃষকদের নিয়ে আন্দোলনের নেতৃত্ব দেন এবং পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি, ‘দাশুরথি রাম’, ‘কালাপাহাড়’ ও ‘হিন্দুবীর’ নামে তিনটি কাব্যগ্রন্থ রচনা করেন। তাঁর সমাজসেবার স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাঁকে একটি দ্বিনলা বন্দুক উপহার দেয়, যা আজও রসপুরের “রামকৃষ্ণ মণ্ডল স্মৃতি মিউজিয়াম”-এ সংরক্ষিত রয়েছে।
তাঁর স্মৃতিকে অমর করে রাখতে সমাজসেবী তপন মণ্ডল এবং পরিবারবর্গ গত দুই দশকেরও বেশি সময় ধরে এই স্মৃতি চ্যালেঞ্জ কাপের আয়োজন করে আসছেন। প্রতি বছর এই প্রতিযোগিতা ক্রীড়াপ্রেমী গ্রামীণ জনজীবনের এক বড় উৎসব হয়ে ওঠে।








