পাঞ্জাবে বন্যা পরিদর্শনে রাহুল গান্ধী
নতুন পয়গাম, নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর:
প্রধানমন্ত্রীর পর বিরোধী দলনেতা। সোমবার পাঞ্জাবের বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই এই রাজ্যে বন্যা তথা প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। ঘরছাড়া অন্তত আড়াই লক্ষ। প্রায় ২ লক্ষ হেক্টর কৃষিজমি ও ফসল নষ্ট হয়েছে বন্যায়। পরিসংখ্যান বলছে, এতে ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকার।
সোমবার বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের বিপর্যস্ত এলাকা পরিদর্শনে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং, বিধানসভার বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া, অমৃতসরের সাংসদ গুরজিৎ সিং আউজলা প্রমুখ। অমৃতসরের অঞ্জলার গোনেওয়াল গ্রাম পরিদর্শন করে এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা। এরপর অমৃতসরের বাবা বুধা সাহিব গুরুদ্বারে প্রার্থনা করেন রাহুল। গুরুদাসপুরের বন্যা কবলিত এলাকাও ঘুরে দেখেন। এক্স হ্যান্ডেলে রাহুল লিখেছেন, এই কঠিন সময়ে কংগ্রেস কর্মীরা সবসময় পাঞ্জাবের পাশে দাঁড়িয়েছেন। সকলের কাছে বন্যা দুর্গত পরিবারবর্গকে সাহায্যের আবেদন জানাচ্ছি। উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর পাঞ্জাবের বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে ১৬০০ কোটি টাকা সহায়তার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।








