হরিশ্চন্দ্রপুর কলেজে ‘রবীন্দ্রনাথ ঠাকুর: বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক আন্তর্জাতিক আলোচনাচক্র
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা:
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর কলেজে বৃহস্পতিবার দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্তরের আলোচনা চক্রের সূচনা হয়। ‘রবীন্দ্রনাথ ঠাকুর: বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা চক্র এই কলেজের দর্শন বিভাগ ও আইকিউএসি এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন ও রবীন্দ্র গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন, কলেজের অধ্যক্ষ ড. সুমিত নন্দী সহ কলেজের অধ্যাপক,পড়ুয়া ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরএন টেগোর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. অমলেন্দু চক্রবর্তী। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. রজত কিশোর দে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. সুনীল রায় প্রমুখ। অনলাইনে উপস্থিত ছিলেন সেমিনারের কি নোট বক্তা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নির্মাল্য নারায়ণ চক্রবর্তী। তিনি তাঁর বক্তব্যে এদিনের আলোচনা চক্রের মূল উপযোগিতা তুলে ধরেন।
অনলাইনে বিষয় উপস্থাপন করেন চেক রিপাবলিকের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ব্লাঙ্কা কেনোটকোভা কাপকোভা, ব্রাজিলের অধ্যাপক ড. ক্যারোলাইন পিরেস টিং প্রমুখ। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষকরা অনলাইন ও অফলাইন মাধ্যমে বিষয় উপস্থাপন করেন। হরিশ্চন্দ্রপুর কলেজ পরিবারের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রথম দিনের আলোচনা চক্র সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার দ্বিতীয় তথা শেষ দিনের আলোচনা চক্র অনুষ্ঠিত হবে।








