গাজা ইস্যুতে পুতিন-নেতানিয়াহু কথা
নতুন পয়গাম, মস্কো, ৬ অক্টোবর:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার টেলিফোনে কথা বলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনির গাজায় যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির অগ্রগতি নিয়ে তারা কথা বলেন। ক্রেমলিন প্রশাসন জানায়, গাজার যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা বিষয়েও পুতিন-নেতানিয়াহুর কথা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আঞ্চলিক পরিস্থিতি এবং বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে উদ্ভুত পরিস্থিতি ও সিরিয়ার স্থিতিশীলতার মতো বিষয়ে কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। পুতিন এর আগে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করে আশা প্রকাশ করেন, এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পুতিন।
উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক ভাল হলেও রাশিয়া কিন্তু কখনো ইসরাইলের বিরুদ্ধে তেমন কোন উল্লেখযোগ্য পদক্ষেপ করেনি।








