খাইবারের নতুন মুখ্যমন্ত্রী পিটিআই নেতা সোহাইল
নতুন পয়গাম:
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই-এর প্রার্থী সোহাইল আফ্রিদি সোমবার খাইবার পাখতুনখোয়ার নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তবে বিরোধী দলগুলো এই নির্বাচনকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে বয়কট করেছে। প্রাদেশিক পরিষদের অধিবেশনে স্পিকার বাবর সালিম সওয়াতি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে সোহাইল আফ্রিদির নাম ঘোষণা করেন। তিনি ৯০ ভোট পেয়ে জয়ী হন। মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য ৭৩ ভোটের প্রয়োজন ছিল।
অন্যদিকে, বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নেয়নি। বিরোধী দলনেতা ড. ইবাদুল্লাহ, জেএইউআই-এফ নেতা মাওলানা লুতফুর রহমান ও আকরাম দুররানি ভোটগ্রহণ শুরুর আগে সভা থেকে বেরিয়ে যান।
বিরোধীরা এই নির্বাচনকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে বলেন, যখন আলী আমিন গান্ধাপুর এখনো মুখ্যমন্ত্রী পদে রয়েছেন, তখন নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন অবৈধ। বিদায়ী মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ধাপুর নতুন মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের লক্ষ্য দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। তিনি দলীয় নির্দেশেই পদত্যাগ করেছেন বলে জানিয়ে বিরোধীদের প্রতি গণতান্ত্রিক প্রক্রিয়া বিলম্ব না করার আহ্বান জানান।
অন্যদিকে, খাইবার প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্দি আমিন গান্ধাপুরের পদত্যাগপত্র নিয়ে আপত্তি তুলে বলেন, গান্ধাপুরের সই মিলছে না। এজন্য তাকে ১৫ অক্টোবর পদত্যাগপত্রের সত্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। ১৪৫ সদস্য বিশিষ্ট পরিষদে ইমরান খানের পিটিআই দলের আসন ৯৩টি, আর বিরোধী দলের আসন ৫২টি।








