ট্রাম্পের বিরুদ্ধে ৫০ প্রদেশে বিক্ষোভ
নতুন পয়গাম, ওয়াশিংটন, ২ সেপ্টেম্বর:
শ্রম দিবসের ছুটির শুরুতে আমেরিকা জুড়ে হাজারো মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন। তাঁদের দাবি, শ্রমিক সুরক্ষা জোরদার করতে হবে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা নীতির তীব্র সমালোচনাও করেন তাঁরা। সোম ও মঙ্গলবার ৫০টি অঙ্গরাজ্যে এক হাজারেরও বেশি প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। বিক্ষোভকারীরা স্লোগান দেন ‘ধনকুবেরের চেয়ে শ্রমিক গুরুত্বপূর্ণ’। এই কথা লেখা ব্যানার নিয়ে দাঁড়ান তাঁরা।
বিক্ষোভকারীদের দাবি, শ্রমিকদের সুরক্ষা জোরদার করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি অনুদান পুরোপুরি দিতে হবে, সবার জন্য স্বাস্থ্যসেবা ও বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ ছাড়া কর্পোরেট দুর্নীতি, প্রান্তিক মানুষদের ওপর আক্রমণ এবং ট্রাম্প সরকারের অতিমাত্রায় হস্তক্ষেপ বন্ধ করার দাবিতে সোচ্চার হয় এসব বিক্ষোভ সমাবেশ।
নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে এদিন বহু মানুষ জড়ো হন। তাঁরা ট্রাম্পের পদত্যাগের দাবিতে স্লোগান দেন এবং প্রেসিডেন্টকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দেন। ওয়াশিংটন ছাড়াও নিউ ইয়র্ক, শিকাগো, আলাস্কা, ম্যানহাটন প্রভৃতি গুরুত্বপূর্ণ শহরে এই বিক্ষোভ হয়।








