পানিশালা এলপিজি প্ল্যান্টে বিক্ষোভ
রামকৃষ্ণ দাস, নতুন পয়গাম, উঃ দিনাজপুর: রায়গঞ্জ ২ নং ব্লক অন্তর্গত শীতগ্রাম অঞ্চলের পানিশালা এলপিজি প্ল্যান্টে বৃহস্পতিবার সকাল থেকে চুক্তিভিত্তিক কর্মীদের অবস্থান বিক্ষোভে কার্যত স্তব্ধ হয়ে পড়ে প্ল্যান্টের কাজ। ১০০-র বেশি কর্মী বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে মেইন গেটের সামনে অবস্থান নেন। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন শীতগ্রাম অঞ্চলের উপপ্রধান একতেখার আলী। তিনি জানান, কর্মীদের অভিযোগ প্রায় ৯ বছর ধরে প্রাপ্য বেতন বৃদ্ধি হচ্ছে না। এছাড়া মাসে ২৬ দিন পূর্ণ ডিউটি পাচ্ছেন না। এ নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিষয়টি দেখছেন বলে জানান।
তবে এই ঘটনায় কন্ট্রাক্টর ছোটন চ্যাটার্জী পাল্টা অভিযোগ তোলেন রাজনৈতিক উস্কানির। তাঁর বক্তব্য কিছু তৃণমূলের নেতা রাজনৈতিক স্বার্থে এসব করছে। আমি নিজেও একজন তৃণমূল কর্মী। সমস্যাটা আজকের নয়, বহু দিনের। এখানে অনেক কন্ট্রাক্টর আছে, আমি তাদের মধ্যে একজন মাত্র। আমার কোনো ব্যক্তিগত ভূমিকা নেই। যাদের নেতৃত্বে এই আন্দোলন হচ্ছে, তারাই একসময় বাইপ্রেসারে ও ভয়ভীতি দেখিয়ে কর্মীদের ঢুকিয়েছিল। প্রশাসনও বিষয়টি জানে। তিনি আরও জানান প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মী প্ল্যান্টে কাজ করছেন। একারণে বেতনের জটিলতা তৈরি হয়েছে। তাঁর স্পষ্ট মন্তব্য কাজ বন্ধ করে সমস্যার সমাধান সম্ভব নয়। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। কর্মীদের দাবি যেন যথাযথভাবে বিবেচনা করা হয়।








