আজিমগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ঘিরে বিক্ষোভ, সমস্যা সমাধানের আশ্বাস নির্মল মাঝির
আনারুল হক, নতুন পয়গাম, জিয়াগঞ্জ:
আজিমগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোগত গাফিলতি ও পরিষেবার ঘাটতি নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা ও জনগণ ফাউন্ডেশন ট্রাস্ট-এর সদস্যরা। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে হাসপাতালের সামনে ব্যাপক বিক্ষোভ হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, হাসপাতালে ভর্তি থাকা মহিলা রোগীদের জন্য আলাদা বাথরুমের ব্যবস্থা নেই, বেডের সংখ্যা অপর্যাপ্ত, চিকিৎসা পরিষেবা সঠিকভাবে দেওয়া হয় না, প্রয়োজনীয় ওষুধপত্র সময়মতো মজুত থাকে না, এমনকি ডাক্তার ও নার্সেরও ঘাটতি রয়েছে। তাঁদের অন্যতম দাবি ছিল ডাক্তার সৌরভ মাহাতোকে বদলি করে নতুন চিকিৎসক নিয়োগ করা।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি, যিনি স্থানীয়দের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন ও আশ্বাস দেন সমস্যাগুলির দ্রুত সমাধানের। তিনি বলেন,
“বর্তমানে হাসপাতালে ১০টি বেড রয়েছে, তা বাড়িয়ে ২০টি করা হবে। ওষুধ ও স্যালাইনের ঘাটতি যাতে না হয়, তার জন্য নিয়মিত রিপোর্ট পাঠানো হবে CMOH দপ্তরে। যেহেতু এখানে আদিবাসী, সংখ্যালঘু ও দরিদ্র মানুষের সংখ্যা বেশি, তাই বিশেষ নজর রাখা হবে।”
তিনি আরও জানান,
“কোর্টের নির্দেশ অনুযায়ী গত দুই বছর কর্মী নিয়োগ বন্ধ ছিল। নিয়োগ প্রক্রিয়া শুরু হলে সঙ্গে সঙ্গে এখানে একজন ডাক্তার ও তিনজন নার্স নিয়োগের ব্যবস্থা করা হবে। ডাক্তার সৌরভ মাহাতোকেও বদলি করা হবে এবং নতুন ডাক্তারকে জনদরদীভাবে কাজ করতে নির্দেশ দেওয়া হবে।”
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ, স্ট্যান্ড কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি, BMHO, CMOH এবং পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ।
স্থানীয়দের আশা, প্রশাসনের এই উদ্যোগে বহুদিনের সমস্যা অবশেষে সমাধানের পথে এগোবে।







